ফ্রাঙ্কফুর্টের মাবিন মসজিদে মাসব্যাপী ইফতার ও কুরআন প্রতিযোগিতা
রহমত বরকত আর মাগফিরাতের মহিমান্বিত মাস মাহে রমজান একেবারে শেষ। জার্মানির ফ্রাঙ্কফুর্টের প্রবাসী বাংলাদেশীদের প্রতিষ্ঠান মাবিন মসজিদে মাহে রমজানের পুরা মাসব্যাপী প্রতিদিন ইফতা্রের আয়োজন করা হয়েছে। প্রতিদেনের ইফতারে অসংখ্য ধর্মপ্রাণ রোজাদাররা অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যাক্তি উদ্যোগে প্রতিদিনের ইফতার কর্মসূচী পরিচালিত হয়েছে।
ইফতার কর্মসূচী ছাড়াও শিশু কিশোরদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মাবিন বাংলা সেন্টারের উদ্যোগে। অসংখ্য শিশু কিশোররা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং সার্টিফিকেট বিতরন করা হয়।
পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাবিন বাংলা সেন্টারের পরিচালক ডঃ আবুল আমানুল্লাহ, সেভেন ডেজ এর সত্ত্বাধিকারী কামাল ভূঁইয়া, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ মাহমুদ, হাদি খন্দকার, খতিব সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।
কুরআন নাজিলের মাসে মাবিন বাংলা সেন্টারের এমন মহতী উদ্যোগকে আগত অতিথি এবং অংশগ্রহণকারী শিশু কিশোরদের অভিবাবকরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এর মাধ্যমে ভিন্ন পরিবেশে বেঁড়ে উঠা শিশু কিশোররা ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার জার্মানিতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফ্রাঙ্কফুর্ট শহরের তিনটি স্থানে প্রবাসী বাংলাদেশীদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মাবিন মসজিদে ৩ টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭ টা ৩০ মিনিটে জার্মান খোতবা, বাংলা খোতবা সহ দ্বিতীয় এবং তৃতীয় জামাত যথাক্রমে সাড়ে ৮ টা এবং সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। এই শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মুনশেনার স্রাসেতে একটি স্থায়ী মসজিদ ক্রয় করার চেষ্টা চলমান। সেখানে সকাল ৭ টায় জার্মান এবং সাড়ে ৮ টায় বাংলা খোতবা সহ ২ টি জামাত অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে সাল্বাও বরনহাইম অডিটোরিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। পার্শ্ববর্তী ওফেনবাখ শহরে আইনহাইট ডেস ইসলামে প্রবাসী বাংলাদেশীদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯ টায়। এছাড়াও রাজধানী বার্লিন সহ জার্মানির সকল বড় শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হবে।













