সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরান যুদ্ধের ধাক্কা: সার সঙ্কটে বিশ্বজুড়ে নতুন খাদ্য সঙ্কটের আশঙ্কা

সার সঙ্কটের কারণে পুরো বিশ্ব এখন বড় ধরনের খাদ্য সঙ্কটের ঝুঁকির মুখে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আল জাজিরা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৫৬ এম
ইরান যুদ্ধের ধাক্কা: সার সঙ্কটে বিশ্বজুড়ে নতুন খাদ্য সঙ্কটের আশঙ্কা

ছবিঃ সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকছে না, সার সঙ্কটের কারণে পুরো বিশ্ব এখন বড় ধরনের খাদ্য সঙ্কটের ঝুঁকির মুখে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী দিয়ে গালফ অঞ্চল থেকে সার ও গ্যাস পরিবহনে বিপর্যয় সৃষ্টি হওয়ায় একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে সার ও খাদ্যের দাম দ্রুত বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে ট্যাংকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারেরও বেশি ছুঁয়েছে। কিন্তু অর্থনীতিবিদদের মতে, শুধু জ্বালানির দাম বাড়াই নয়, গালফ অঞ্চলে সার উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় এর ধাক্কা আরও গভীরভাবে পড়বে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর।

গালফ অঞ্চল বিশ্বের মোট সার উৎপাদনের প্রায় ২০ শতাংশ এবং ইউরিয়া সারের প্রায় ৪৬ শতাংশ যোগান দেয় বলে শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান সিগন্যাল গ্রুপ জানিয়েছে। কাতারভিত্তিক কাতার ফার্টিলাইজার কোম্পানি (ক্যাফকো) একাই বিশ্বের প্রায় ১৪ শতাংশ ইউরিয়া সরবরাহ করে থাকে। হরমুজ প্রণালীর অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী মোট সারের প্রায় এক-তৃতীয়াংশ বাণিজ্য ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইরানে ও গালফ অঞ্চলে জ্বালানি স্থাপনা ও এলএনজি টার্মিনালে হামলার পর গ্যাস সরবরাহ কমে যাওয়ায় অনেক সার কারখানাই উৎপাদন বন্ধ বা সীমিত করেছে। কাতারে বিশ্বের বৃহত্তম ইউরিয়া উৎপাদন স্থাপনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাসের রপ্তানি কমে যাওয়ায় ভারত তিনটি ইউরিয়া কারখানায় উৎপাদন কমিয়েছে এবং বাংলাদেশ পাঁচটির মধ্যে চারটি সার কারখানা সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কৃষি খাতও এই সঙ্কটে পড়েছে; বছরের এই সময়ে প্রয়োজনীয় সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ ইউরিয়া ঘাটতিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়া রপ্তানি মূল্য ইতিমধ্যে প্রায় ৪০ শতাংশ বেড়ে প্রতি টন ৫০০ ডলারের নিচ থেকে ৭০০ ডলারের ওপরে উঠে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।​

বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালীর ঝুঁকি যদি দ্রুত কমে না, তবে বিশ্বব্যাপী সারদামের আরও বড়ো ধাক্কা আসতে পারে; ইউরিয়ার দাম দ্বিগুণ এবং ফসফেট সারের দাম অন্তত ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে উন্নয়নশীল দেশসহ অনেক কৃষক বাধ্য হয়ে কম সার ব্যবহার করতে পারেন, যার সরাসরি প্রভাব পড়বে ফসলের ফলনে।​

ইউরোপে রাশিয়ান সস্তা গ্যাসের জোগান বন্ধ হওয়ার পর থেকেই বিশ্ববাজারে ইউরিয়া সারের ঘাটতি চলছে; তার ওপর চীন নিজস্ব কৃষকদের স্বার্থে ইউরিয়া ও অন্যান্য সারের রপ্তানি সীমিত করেছে, ফলে সরবরাহ সঙ্কট আরও তীব্র হয়েছে।

ইতিমধ্যে গালফের সার আমদানিনির্ভর বড় কৃষি উৎপাদক দেশগুলো যেমন ভারত, ব্রাজিল ও চীন ঝুঁকির মধ্যে পড়েছে। ভারত তার ইউরিয়া ও ফসফেট সারের ৪০ শতাংশের বেশি আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে, আর ব্রাজিল প্রায় পুরো সারণ সরবরাহেই আমদানিনির্ভর, যার অর্ধেকের মতোই হরমুজ প্রণালী হয়ে আসে।​

বিশ্লেষকদের মতে, সার সঙ্কট দীর্ঘস্থায়ী হলে ধান, গম, ভুট্টা ও সয়াবিনের মতো প্রধান খাদ্যশস্যের উৎপাদন কমে যেতে পারে, যার ফলে বৈশ্বিক বাজারে খাদ্যের দাম আরও বাড়বে এবং আমদানিনির্ভর দরিদ্র দেশগুলোতে স্থানীয় খাদ্য সঙ্কট দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হবে।

একজন সরবরাহ শৃঙ্খল বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে ঝুঁকি থেকে যাবে; সরাসরি অবরোধ না থাকলেও ড্রোন হামলার আশঙ্কা থাকায় অনেক জাহাজই চলাচলে অনিচ্ছুক। তার ভাষায়, পরিবহন ঝুঁকি থেকেই যাচ্ছে বলেই জ্বালানি ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উচ্চ পর্যায়ে আটকে থাকতে পারে, যা শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবে এবং খাদ্যদ্রব্যের উপর চাপ আরও বাড়াবে

সুত্রঃ আল জাজিরা

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক