সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে «আরো ছবি সংবাদে»

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:০৩ এম
যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে «আরো ছবি সংবাদে»

বৈরুত, লেবানন বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বোমা হামলার পর ধোঁয়া উড়ছে। ২ মার্চ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, লেবাননের হিজবুল্লাহ যুদ্ধে নামে এবং সাইপ্রাসের একটি ব্রিটিশ বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ছবি: দ্য গার্ডিয়ান।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা দ্রুত বিস্তৃত আকার নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা হামলা–পাল্টা হামলা শুরু হয়, যা কয়েক দিনের মধ্যেই আঞ্চলিক সংঘাতে রূপ নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আলজাজিরা জানিয়েছে, সংঘাত এখন একাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উদ্ধার সংস্থার বরাতে জানা গেছে, কয়েক শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছু ইরানি সূত্র দাবি করেছে, হাসপাতাল ও জনবসতিপূর্ণ এলাকাও আঘাতের শিকার হয়েছে। অন্যদিকে ইসরায়েলি পক্ষ বলছে, তারা কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ফ্রন্ট উন্মুক্ত করেছে। ২ মার্চ ২০২৬ তারিখে বৈরুতের দক্ষিণ উপশহর হারেত হ্রেইকে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপ পরিদর্শন করছেন এক ব্যক্তি। ছবি- ইন্টারনেট থেকে।

ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীরও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কুয়েতে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, যদিও সংশ্লিষ্ট ক্রু সদস্যরা জীবিত আছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় জ্বালানি অবকাঠামোতেও। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। কোথাও তেল শোধনাগার, কোথাও গ্যাস–সম্পর্কিত স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে বলে বিশ্লেষকদের মত।

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীতে ডেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমান; উড্ডয়নের প্রস্তুতি তদারকিতে ব্যস্ত ডেক ক্রুরা।
ছবি- ইন্টারনেট থেকে।

লেবাননেও উত্তেজনা তীব্র হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর কথা জানিয়েছে। পাল্টা হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় প্রশাসনের তথ্যে হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।

সাইপ্রাসেও একটি সামরিক ঘাঁটিতে ড্রোন আঘাতের ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোউলিয়াস জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন সাইপ্রাসের প্রতি সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে উত্তর আটলান্টিক জোটের প্রধান মার্ক রুতে জানিয়েছেন, জোট হিসেবে সরাসরি যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই।

তেহরান, ইরান।
ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলার পর রবিবার তেহরানের ভবনগুলির উপর ধোঁয়া উড়ছে
ছবি: রয়টার্স

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সামরিক অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কংগ্রেস সদস্যদের এক ব্রিফিংয়ে বলেছে, ইরান যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিক হামলা চালাতে যাচ্ছে—এমন নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাদের হাতে ছিল না।

এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও কঠোর হয়েছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিদেশি সামরিক ঘাঁটিগুলো আরও ঝুঁকির মুখে পড়তে পারে। আলোচনার সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও তেহরানের শীর্ষ পর্যায় থেকে আপাতত আপসহীন অবস্থানের ইঙ্গিত মিলছে।

তেহরান, ইরান।
নিলুফার স্কয়ারের আশেপাশের একটি পুলিশ কেন্দ্রে হামলার পর লোকজন পালিয়ে যাচ্ছে। ছবি: দ্য গার্ডিয়ান।

টানা কয়েক দিনের সংঘাতে ইরান, ইসরায়েল, লেবানন, কুয়েত, বাহরাইন ও অন্যান্য দেশে প্রাণহানির খবর পাওয়া গেছে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক