সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নতুন গণতন্ত্রের স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ এম
নতুন গণতন্ত্রের স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও আন্দোলনের পর অবশেষে সরকার গঠনের পথে বিএনপি। বেসরকারি ফলাফল ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের সক্ষমতা অর্জন করেছে দলটি। ফলে দলীয় প্রধান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

তবে রাত তিনটা পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আসনের পূর্ণাঙ্গ সরকারি ফল ঘোষণা করেনি। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য ও প্রতিনিধিদের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, বিএনপি অন্তত ২০৪টি আসনে বিজয় নিশ্চিত করেছে এবং আরও কয়েকটিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭০টির বেশি আসনে জয় পেয়েছে বলে দাবি করছে, যা তাদের প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা জোরদার করেছে।

উৎসবমুখর ভোট, ৬২ শতাংশ উপস্থিতি

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনের ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গড় ভোটার উপস্থিতি প্রায় ৬২ শতাংশ বলে নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য থেকে জানা গেছে। দীর্ঘ সময় পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকেই ভোটের পরিবেশকে “ঈদের আমেজ”-এর সঙ্গে তুলনা করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে বলে ইসি জানিয়েছে। যদিও বিচ্ছিন্ন সংঘর্ষ, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো কয়েকটি ঘটনা ঘটেছে। ইসির তথ্য অনুযায়ী, ২৯টি সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন।

অভিযোগ ও পাল্টা অভিযোগ

ভোট চলাকালে কয়েকটি রাজনৈতিক দল অনিয়মের অভিযোগ তোলে। জামায়াত নেতৃত্বাধীন জোট কয়েকটি আসনের কেন্দ্র স্থগিতের দাবি জানায় এবং ভিডিওসহ লিখিত অভিযোগ জমা দেয়। ইসলামী আন্দোলনও চারটি আসনে কেন্দ্র বাতিলের আবেদন করে। তবে বিএনপিসহ বড় দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক বড় অভিযোগ দেখা যায়নি।

ইসি জানিয়েছে, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট বাতিল হয়নি বলেও তারা উল্লেখ করেছে।

পোস্টাল ব্যালট ও গণভোট

এবারের নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের আগ্রহ ছিল বেশি। প্রায় ১২ লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

দেশি-বিদেশি পাঁচ শতাধিক পর্যবেক্ষক এই নির্বাচন পর্যবেক্ষণ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্বেই অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, অংশগ্রহণমূলক এই নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায় সূচিত করতে পারে।

ইতিহাসের প্রেক্ষাপট

২০০১ সালের পর এই প্রথমবার বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। গত এক দশকের বেশি সময় ধরে দলটির নেতাকর্মীরা রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুলে আসছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে এবারের ভোটকে অনেকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন’ হিসেবে দেখছেন।

চূড়ান্ত সরকারি ফল ঘোষণার পর নতুন সংসদের অধিবেশন ও সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সবকিছু ঠিক থাকলে তারেক রহমানের নেতৃত্বেই নতুন মন্ত্রিসভা শপথ নেবে—এমন প্রত্যাশাই এখন বিএনপি সমর্থকদের মধ্যে প্রবল।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক