সোনার দামে বড় ধস, দুই দিনে ভরিতে কমল ৩০ হাজারের বেশি
বছরের শুরুতে লাগামছাড়া গতিতে বাড়তে থাকা সোনার দামে হঠাৎ বড় ধস নেমেছে। রেকর্ডের পর রেকর্ড ভেঙে যখন মূল্যবান এই ধাতুর দাম ভরিতে তিন লাখ টাকার দিকে ছুটছিল, ঠিক তখনই শক্ত ব্রেক কষেছে বাজার। মাত্র দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।
গতকাল এক ধাক্কায় ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) আরও বড় পতনের ঘোষণা দিয়েছে দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সর্বোচ্চ ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বিক্রি করা হবে।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার বড় দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগে বৃহস্পতিবার আউন্সপ্রতি দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হবে।













