মেয়ে আদিরাকে আড়ালেই রাখতে চান রানি মুখার্জী
২০১৫ সালে মা হন বলিউড অভিনেত্রী রানি মুখার্জী। স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর একমাত্র কন্যা আদিরার বয়স এখন ১০ বছর। এত বছর পেরিয়ে গেলেও অন্যান্য তারকা সন্তানের মতো আদিরাকে কখনোই প্রচারের আলোয় আনেননি রানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
রানির ভাষ্য অনুযায়ী, আদিরা ‘জেনারেশন আলফা’-র প্রতিনিধি। ফলে তাঁর নিজের শৈশব আর মেয়ের বেড়ে ওঠার অভিজ্ঞতা একেবারেই আলাদা। অভিনেত্রী মজা করে বলেন, আদিরা মাঝেমধ্যেই তাঁকে শাসন করে এবং সেটাও তাঁকে মেনে নিতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে অভিভাবকত্বের ধরন বদলেছে বলেও মনে করেন তিনি। ছোটবেলায় ভুল করলে মায়ের কাছ থেকে শাস্তি পেলেও, এখনকার প্রজন্মের ক্ষেত্রে সেই পদ্ধতি আর কার্যকর নয় বলেই মত রানির।

আধুনিক প্রজন্মের শিশুরা অনেক বেশি সচেতন ও পরিণত—এ কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তাঁর কথায়, বাবার মৃত্যুর পর জীবনে যে শূন্যতা তৈরি হয়েছিল, আদিরা অনেকটাই তা পূরণ করেছে। মেয়ের কাছ থেকেই তিনি এখন অনুপ্রেরণা ও সাহস পান। নিজের কাজের প্রতিটি ধাপে আদিরা তাঁকে উৎসাহ দেয় বলেও জানান রানি।
মেয়ের চোখে রানি একজন অভিনেত্রী নন, শুধুই ‘মা’। তাই মায়ের সাজগোজ আদিরার মোটেও পছন্দ নয়। রানি বলেন, মেকআপ করলে আদিরা জানিয়ে দেয় যে তখন তাঁকে নিজের মায়ের মতো দেখায় না। স্বাভাবিক চেহারাতেই মেয়ের কাছে তিনি সবচেয়ে আপন।

তারকা সন্তান হিসেবে আলাদা সুবিধা বা অতিরিক্ত নজর আদিরার জন্য চান না রানি ও আদিত্য—এ বিষয়েও তাঁরা দুজনই একমত। মেয়েকে সাধারণ পরিবেশে, সাধারণ জীবনযাপনের মধ্য দিয়েই বড় করতে চান তাঁরা। আদিরা যেন ছোটবেলা থেকেই বাবা-মায়ের পরিচয়ে প্রভাবিত না হয়, সেটাই তাঁদের চেষ্টা।
রানি জানান, ব্যক্তিগত জীবন রক্ষা করতে তিনি সব সময়ই সচেষ্ট। ছবি তোলার ক্ষেত্রেও তিনি বিনীতভাবে অনুরোধ করেন সীমা মানার জন্য। তাঁর মতে, সন্তানের শৈশব যতটা সম্ভব স্বাভাবিক রাখা একজন অভিভাবক হিসেবে তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।













