নতুন বছরের শুরুতেই দুই সিনেমা নিয়ে ব্যস্ত তমা মির্জা
ঢালিউড অভিনেত্রী তমা মির্জা গত কিছুদিন সিনেমা থেকে খানিকটা দূরে থাকলেও নতুন বছরে আবারও ব্যস্ত হয়ে উঠছেন। বছরের শুরুতেই টানা দুটি নতুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি।
গত বছর প্রেক্ষাগৃহে তমা মির্জার অভিনীত মাত্র একটি সিনেমা মুক্তি পেলেও শিহাব শাহীনের ‘দাগি’ দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন অভিনেত্রী। এর আগে ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সে সময় গতানুগতিক নায়িকা চরিত্রেই বেশি দেখা গেলেও পরবর্তী সময়ে নিজের অভিনয়ের পরিসর ভেঙেছেন তমা।
রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে ভিন্ন এক তমা মির্জাকে আবিষ্কার করে দর্শক। এরপর ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’—প্রতিটি কাজেই প্রশংসিত হয় তার অভিনয়।
নতুন বছরে তমা মির্জা কাজ করছেন দুটি সিনেমায়। এর একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল, নাম ‘জলযুদ্ধ’। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। অন্য সিনেমাটি পরিচালনা করছেন হাসান মোরশেদ। তবে নির্মাতা আপাতত সিনেমার নাম প্রকাশে অনিচ্ছুক।
পরিচালক সূত্রে জানা গেছে, একটি সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তমা মির্জা। অন্যটির ক্ষেত্রে মৌখিকভাবে চূড়ান্ত আলোচনা হয়েছে। হাসান মোরশেদের সিনেমায় তমার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা শরীফুল রাজ। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তমা ও রাজের অংশের শুটিং কিছুটা পরে হবে। অন্যদিকে ‘জলযুদ্ধ’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। শিল্পী নির্বাচন প্রায় শেষ পর্যায়ে, টিম ও কলাকুশলীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন পরিচালক দোদুল।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি হননি তমা মির্জা। তিনি বলেন, “দুটি সিনেমার গল্পই আমার খুব পছন্দ হয়েছে। গল্প আর পরিচালকের ভাবনা এতটাই শক্তিশালী যে যে কোনো অভিনয়শিল্পীই এমন প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চাইবে। আনুষ্ঠানিক ঘোষণা হলে তখনই সবাই বিস্তারিত জানতে পারবেন।”
এদিকে ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজে কাজ করেছেন তমা মির্জা। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় টানা ৯ দিন শুটিং করলেও সিরিজটি এখনো মুক্তি পায়নি। এটির মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।
অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, “কলকাতার কোনো পরিচালকের সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিল। শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু অভিজ্ঞতাটা দারুণ। তিনি অসাধারণ পরিচালক ও মানুষ। কাজের পরিবেশ ছিল খুব গোছানো। এক শিফটে শুটিং হয়েছে, সবাই জানত কে কী করবে। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।”













