নির্বাচনে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য নিয়োজিত থাকবেন। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অস্ত্রধারী সদস্যদের একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে বলে জানান তিনি। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক কিংবা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা ও থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে ৪ লাখ সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। এ কারণে আনসার-ভিডিপির নবীন সদস্যদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরু করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং চারটি ক্যাটাগরিতে চারজন সেরা প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।










