প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
‘স্পেনের অভিবাসন নীতি ইউরোপের জন্য দৃষ্টান্ত হতে পারে’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, অভিবাসন প্রশ্নে তার দেশের গ্রহণ করা নীতিমালা ইউরোপের জন্য কার্যকর দৃষ্টান্ত হতে পারে। তার মতে, আইনসম্মত অভিবাসন স্পেনের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং রাষ্ট্রীয় তহবিলে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বৃহস্পতিবার এক বক্তব্যে সানচেজ জানান, গত কয়েক বছরে অভিবাসনের কারণে স্পেন অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। তিনি বলেন, গত ছয় বছরে দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশের পেছনে অভিবাসীদের ভূমিকা রয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে আয়ের প্রায় ১০ শতাংশ এসেছে অভিবাসীদের অবদান থেকে।
ইউরোপের অনেক দেশ যখন ডানপন্থি রাজনৈতিক চাপের মুখে অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করছে এবং সীমান্তে কড়াকড়ি বাড়াচ্ছে, তখন স্পেন তুলনামূলকভাবে ভিন্ন অবস্থান নিয়েছে। দেশটি বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অভিবাসীদের বসবাস ও কাজের পথ সহজ করছে। তবে একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ঠেকাতে সীমান্ত নজরদারি জোরদার রাখছে সরকার।
মাদ্রিদে স্প্যানিশ রাষ্ট্রদূতদের এক সমাবেশে সমাজতান্ত্রিক এই নেতা বলেন, স্পেন এমন একটি অভিবাসন কাঠামো অনুসরণ করছে যা বাস্তবসম্মত এবং ইউরোপের বার্ধক্যজনিত জনসংখ্যা সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।
অভিবাসনপন্থি নীতির কারণে অনিয়মিত অভিবাসন বাড়ছে—এমন সমালোচনা প্রত্যাখ্যান করে সানচেজ বলেন, বাস্তবে স্পেনের মডেল কার্যকর প্রমাণিত হয়েছে। তার ভাষায়, অনিয়মিত অভিবাসীদের আকৃষ্ট করার মতো কোনো ‘পুল ইফেক্ট’ নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনে অনিয়মিত অভিবাসীর আগমন আগের বছরের তুলনায় ৪২ দশমিক ৬ শতাংশ কমেছে। ওই বছর দেশটিতে অনিয়মিতভাবে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ছিল ৩৬ হাজার ৭৭৫ জন। আটলান্টিক রুট হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে আগমন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই হ্রাস সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মানবপাচার রোধে স্পেন অনিয়মিত অভিবাসনের উৎস হিসেবে পরিচিত কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এসব উদ্যোগের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির দিক থেকেও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে স্পেন। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশে, যা ইউরোজোনের গড় প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।













