সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তারেক রহমান বিদেশে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন: নির্বাচন কমিশন

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ এম
তারেক রহমান বিদেশে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন: নির্বাচন কমিশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কি না—এ নিয়ে তৈরি জিজ্ঞাসার অবসান ঘটিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, তিনি আইনগত যোগ্যতা পূরণ করলে লন্ডনে বসেই ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং চাইলে প্রার্থীও হতে পারবেন।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরই সামনে আসে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন।

ইসির ব্যাখ্যায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান ও ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা এবং অযোগ্যতার কথা বলা আছে, সেগুলো লঙ্ঘন না হলে কারও ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই।
সেই অনুযায়ী, ২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমান ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারলে তিনি প্রার্থী হতে পারবেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিদেশে থাকলেও ভোটার হওয়ার সুযোগ

ভোটার তালিকা বিধিমালার ১১(১০) উপবিধি অনুযায়ী, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা ফরম–২ পূরণ করে সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তা অথবা অনলাইনের মাধ্যমে ভোটার হতে আবেদন করতে পারেন।
এ ছাড়া ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন যেকোনো সময় যোগ্য ব্যক্তিকে তালিকাভুক্ত করার ক্ষমতা রাখে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। ফলে তারেক রহমান লন্ডন থেকেই ভোটার হতে পারবেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আইন কমিশনকে এই ক্ষমতা দিয়েছে। মনোনয়নপত্র জমার শেষ সময়ের আগেই ভোটার হলে তারেক রহমানের কোনো বাধা থাকবে না।”


প্রার্থী হওয়ার শর্ত ও বাধা

তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
গণপ্রতিনিধিত্ব আদেশ বলছে, প্রার্থী নিজে অথবা প্রস্তাবক–সমর্থকের মাধ্যমে স্বাক্ষর করে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে দেশে থাকা বাধ্যতামূলক নয়। ডাকযোগেও পাঠানো সম্ভব।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী:

  • বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে
  • অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে

অযোগ্য হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে—

  • আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া
  • ফেরারি আসামি থাকা
  • বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা
  • নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হওয়া এবং মুক্তির পাঁচ বছর না পার হওয়া
  • ১৯৭২ সালের বিশেষ ট্রাইব্যুনাল আদেশে দণ্ডিত হওয়া
  • রাষ্ট্রীয় লাভজনক পদে থাকা

ইসি কর্মকর্তারা আরও জানান, যদি তারেক রহমান যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তাহলে তিনি বিদেশে বসেই প্রার্থী হতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র লন্ডনে স্বাক্ষর করে প্রতিনিধি মারফত জমা দেওয়া সম্ভব।


বিএনপির প্রতিক্রিয়া

তারেক রহমান বিদেশ থেকেই ভোটার বা প্রার্থী হবেন কিনা—এ আলোচনার মধ্যেই বিএনপি জানিয়েছে, তিনি শিগগিরই দেশে ফিরবেন।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “তারেক রহমান দেশে এসে ভোটার হবেন। সময়সীমা নিয়ে কোনো সংকট হবে না।”


নির্বাচনী গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • মনোনয়নপত্র জমা: ২৯ ডিসেম্বর
  • বাছাই: ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি
  • আপিলের শেষ সময়: ১১ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
  • প্রচার: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক