অবশেষে একই ফ্রেমে প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনা
ছবি: সংগৃহীত
‘দিল চাহতা হ্যায়’-এর ২০ বছর পূর্তিতে ২০২১ সালে ‘জি লে জারা’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ফারহান আখতার। ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র ধাঁচে তিন ব্যক্তিত্বসম্পন্ন নায়িকাকে নিয়ে আরেকটি রোড ট্রিপ সিনেমা বানানোর পরিকল্পনা ছিল তার। সেই উদ্দেশ্যে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে চিত্রনাট্যের প্রথম খসড়া প্রস্তুতও করেছিলেন তিনি।
কিন্তু তিন তারকার সময় মিলিয়ে নেওয়া এতটাই কঠিন হয়ে পড়ে যে একের পর এক শুটিং শিডিউল বাতিল করতে হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, প্রিয়াঙ্কা ছবিটি থেকে সরে যান, অন্যদিকে আলিয়াও ব্যস্ত হয়ে পড়েন অন্যান্য প্রকল্পে। ফলে ‘জি লে জারা’ স্থগিত হয়ে পড়ে এবং গুঞ্জন ওঠে—সিনেমাটি আর নাও হতে পারে। তবে এবার সেই জট কাটতে চলেছে বলে জানিয়েছেন ফারহান আখতার নিজেই।
বলি-বৃত্তান্ত সূত্রে জানা যায়, তারকাদের ডেট মেলানোই ছিল সবচেয়ে বড় বাধা। বিশেষ করে প্রিয়াঙ্কা বর্তমানে আন্তর্জাতিক তারকা হওয়ায় তার সময়সূচি মিলানো ছিল কঠিন কাজ। তবে সম্প্রতি ‘দেশি গার্ল’ আবারও প্রকল্পটিতে অংশ নিতে রাজি হয়েছেন বলে জানা গেছে। শুধু নায়িকাদের সময়সূচি নয়, তাদের বিপরীতে উপযুক্ত নায়ক বাছাই নিয়েও ছিলেন নির্মাতারা দোটানায়। ফারহান, জোয়া আখতার ও রিমা কাগতি দীর্ঘদিন ধরে কাউকেই চূড়ান্ত করতে পারছিলেন না।
শেষমেশ সেই জটিল কাস্টিং প্রক্রিয়াও প্রায় শেষের পথে বলে জানালেন ফারহান আখতার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সত্যি বলতে, সব অভিনেতা–অভিনেত্রীর সময় একসঙ্গে পাওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমরা এখন সব ঠিকঠাক গুছিয়ে ফেলেছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে।”
নারীকেন্দ্রিক রোড ট্রিপ সিনেমা বলিউডে এখনো খুব কমই দেখা গেছে। তাই প্রিয়াঙ্কা–আলিয়া–ক্যাটরিনার একসঙ্গে অনস্ক্রিন রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। তবে তাদের বিপরীতে কোন অভিনেতারা থাকছেন—সে বিষয়ে এখনো কিছু জানাননি ফারহান।













