তারেক রহমান চাইলে এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করতে সক্ষম লন্ডনের বাংলাদেশ হাইকমিশন—এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কেউ দেশে ফিরতে চাইলে আমরা একবারের জন্য ট্রাভেল পাস দিই। এটি প্রস্তুত করতে এক দিনের বেশি লাগে না। তিনি আজ যদি জানিয়ে দেন যে দেশে ফিরবেন, আগামীকালই আমরা পাস দিতে পারব; পরশু তিনি দেশে ফিরতে পারবেন।”
তিনি জানান, পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে দেশে ফেরার ক্ষেত্রে এ ধরনের ট্রাভেল পাস দেওয়া হয়। তারেক রহমানের দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলেও তিনি স্পষ্ট করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো দেশের নাগরিককে তার নিজ দেশে ফেরত আসতে বাধা দেওয়াটা স্বাভাবিক নয়। বাংলাদেশ যদি নিজ নাগরিককে ফিরতে অনুমতি দেয়, অন্য কোনো দেশ তা ঠেকাবে—এটি কল্পনাতীত।
আলোচনার এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, লন্ডনে তারেক রহমান কোন আইনি অবস্থানে আছেন—সেটি বাংলাদেশের কাছে পরিষ্কার নয়। তবে তিনি চাইলে দেশে ফেরার প্রক্রিয়ায় কোনো প্রাতিষ্ঠানিক জটিলতা নেই।
এ ছাড়া তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে প্রতিবেশী ভারত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় নিচ্ছে। দু’দেশের মধ্যে কার্যকর সম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভারত অবস্থান প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, বিষয়টি নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি এবং তাঁকে ফেরত পাঠানো নিয়ে এখনো কোনো আলোচনাও হয়নি।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়ার বিষয়ে তিনি বলেন, দণ্ডিত হওয়ায় তাঁকে দ্রুততম সময়ে দেশে ফেরানোর আশা করে বাংলাদেশ। তবে এ বিষয়টি ঢাকা–দিল্লি সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।













