বাউলদের ওপর হামলায় উদ্বেগ মামুনুলের
বাউলদের ওপর হামলা উদ্বেগ মামুনুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাউলদের ওপর হামলাকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ’ বলে বর্ণনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি বলেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ বলা সাম্প্রদায়িক সংঘাত উসকে দেওয়ার প্রচেষ্টা । আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে এ কথা তিনি উল্লেখ করেন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও আদালত চত্বরে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ করতে গিয়ে একাধিক বাউল শিল্পী হামলার শিকার হন । ‘তৌহিদী জনতা’ ব্যানারে পরিচিত একদল যুবক চায়ের দোকানের সামনে বাউলদের ওপর অতর্কিত হামলা চালায়, ফলে দুই থেকে চারজন আহত হন । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হামলাকারীদের শনাক্তির চেষ্টা করছে।
বুধবার ঠাকুরগাঁও বিএনপি কার্যালয় উদ্বোধনকালে মির্জা ফখরুল হামলাকে ‘ন্যক্কারজনক’ বলে নিন্দা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান । তিনি এটিকে উগ্র ধর্মান্ধ চক্রের কাজ এবং বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ওপর আঘাত বলে বর্ণনা করেন । ফখরুলের এই মন্তব্য খেলাফত মজলিসের নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে ।
মামুনুল হক বিবৃতিতে বলেন, বাউল আবুল সরকারের ইসলাম ও আল্লাহর প্রতি অবমাননাকর বক্তব্য মুসলিম জনতায় ক্ষোভ সৃষ্টি করেছে এবং তার গ্রেপ্তার ন্যায্য দাবির ফল । তৌহিদি জনতার প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল বলে দাবি করে তিনি ফখরুলের বক্তব্যকে সংঘাত উস্কানি হিসেবে চিহ্নিত করেন । এ ঘটনায় রাজনৈতিক মহলসহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে।










