রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা
প্রতীক ছবি (এআই দিয়ে করা)
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই হামলায় আহত হয়েছেন তার বাবা আবুল কাশেম শেখ (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাত ৮টার দিকে এলাকার ডি–ব্লকের একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, ধারালো অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি হঠাৎ ওই বাসায় ঢুকে বাবু ও তার বাবার ওপর হামলা চালায়। কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আরও বলেন, কাশেম সম্প্রতি এলাকায় একটি আর্থিক বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন। সেই বিষয়কে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা কাশেমেরই প্রতিবেশী বলেও জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, বাবুর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।












