দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সংবাদকে ভিত্তিহীন ও মনগড়া বলে নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যা–ই ঘটুক না কেন, ভারতীয় গণমাধ্যম সব সময় বাংলাদেশের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। বিবেকবান মানুষ এসব বিশ্বাস করবে না।”
গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হন। ঘটনাটিকে ভারত সরকার ‘নাশকতা’ হিসেবে বিবেচনা করলেও এখনো পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। তবে দেশটির কিছু গণমাধ্যম পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে দাবি করেছে, ওই গোষ্ঠী নাকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালিয়েছে।
এই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “লালকেল্লার হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করে।”
চীন থেকে অস্ত্র কেনা ও যুক্তরাষ্ট্রের ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট’ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে এবং কোনো দেশের পক্ষ নিচ্ছে না। “আমরা ব্যালান্সড রিলেশনশিপ মেনে চলি—সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই আমাদের নীতি,” বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় নিয়ে জাতিসংঘে আবেদন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “যে কেউ জাতিসংঘে আবেদন করতে পারেন। জাতিসংঘ যদি এ বিষয়ে কিছু জানায়, তখন আমরা পদক্ষেপ নেব।”
উল্লেখ্য, সোমবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত ও বহু মানুষ আহত হন। ঘটনার তদন্ত এখনো চলছে, তবে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারে উদ্বেগ জানিয়েছে ঢাকা।










