মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বার্সেলোনায় মাদকবিরোধী চিরুনি অভিযান: ৭২ গ্রেপ্তার, ১৩ নারকোপিসো সিলগালা

▪️ নাগরিকদের অভিযোগের সূত্র থেকে ১০ মাস ধরে তদন্ত করে পুলিশ।▪️ অভিযানে প্রায় ২০০ জন পুলিশ সদস্য অংশ নেন।

মিরন নাজমুল প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:২২ এম
বার্সেলোনায় মাদকবিরোধী চিরুনি অভিযান: ৭২ গ্রেপ্তার, ১৩ নারকোপিসো সিলগালা

বার্সেলোনার কেন্দ্র ও আশপাশের এলাকায় মাদকবিরোধী এক বৃহৎ অভিযান চালিয়েছে কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ মোসোস দ’এস্কুয়াদ্রা, গার্দিয়া উরবানা, এবং শহর পুলিশের সদস্যরা। সোমবারের এই যৌথ অভিযানে মোট ১৩টি নারকোপিসো (মাদক বিক্রি ও সেবনের ফ্ল্যাট) বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি ফ্ল্যাট সিউতাত ভেল্লা (Ciutat Vella) অঞ্চলে এবং বাকি তিনটি সানৎস-মন্তজুইক (Sants-Montjuïc) ও আইশ্যামপ্লা (Eixample) এলাকায় অবস্থিত ছিল।

অভিযানে প্রায় ২০০ জন পুলিশ সদস্য অংশ নেন। এ সময় তারা কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন এবং বেশ কিছু মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেন। পুলিশের হিসাবে, অভিযানটি এখনো তদন্তাধীন এবং আদালতের নির্দেশে কিছু তথ্য গোপন রাখা হয়েছে।

মাদক, টাকা ও নজরদারি ক্যামেরা উদ্ধার:

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশ জানায়, আটক নারকোপিসোগুলো থেকে হেরোইন, ক্র্যাক, মারিজুয়ানা ও হাশিশসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে। কিছু ফ্ল্যাটে অনেক টাকাও উদ্ধার করা হয়।

অভিযানে আরও দেখা যায়, কিছু মাদক বিক্রির ফ্ল্যাটে বাইরের রাস্তা পর্যন্ত দেখা যায় এমন সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, যাতে ভেতরের লোকজন দেখতে পারে কে দরজায় আসছে। পুলিশের মতে, এটি ছিল গ্রাহকদের চেনার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে যাওয়ার একটি কৌশল।

দুপুরে অভিযান, কারণ তখনই সবচেয়ে বেশি ক্রেতা আসে:

তদন্তে জড়িত সূত্র জানায়, অভিযানটি সকালবেলায় নয়, বরং দুপুরে চালানো হয়। কারণ, এই সময়টাতেই ক্রেতারা বেশি আসে এবং মাদক বিক্রির কার্যক্রম সবচেয়ে সক্রিয় থাকে।

অভিযান পরিচালনা করে মোসোস দ’এস্কুয়াদ্রার পাবলিক হেলথ ইউনিট, যারা গার্দিয়া উরবানার সঙ্গে যৌথভাবে কাজ করেছে। এছাড়া ড্রোন ইউনিট, কুকুর ইউনিট, মোটরসাইকেল টিম, নিরাপত্তা বাহিনী (ARRO)– সবাই অংশ নেয়।

নাগরিকদের অভিযোগের সূত্র থেকে ১০ মাস ধরে তদন্ত:

এই তদন্তের সূচনা হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও তথ্যের ভিত্তিতেই পুলিশ জানতে পারে যে কয়েকটি অ্যাপার্টমেন্ট থেকে মাদক বিক্রি হচ্ছে।

ইন্সপেক্টর প্যাট্রিসিয়া দুরান, যিনি সিউতাত ভেল্লা থানার উপপ্রধান, বলেন—
“আমাদের নাগরিকদের সঙ্গে যোগাযোগ খুবই ঘনিষ্ঠ ও অবিচ্ছিন্ন। তাদের সহযোগিতার কারণেই আমরা এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। বন্ধ করা নারকোপিসোগুলো ছিল অত্যন্ত সক্রিয়।”

মাদক ব্যবসার সঙ্গে নাগরিক জীবনের সম্পর্ক:

কার্লোস আলকারাজ, সিউতাত ভেল্লা থানার গার্দিয়া উরবানার প্রধান, বলেন—
“একটি মাদক বিক্রির জায়গা শুধু একটি ভবনের বাসিন্দাদের জন্যই নয়, বরং আশপাশের দোকানপাট ও সাধারণ মানুষের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মাদকসেবীরা প্রায়ই নিজেদের ডোজ কেনার জন্য চুরি বা ছিনতাই করে। তাই একবার কোনো নারকোপিসো শনাক্ত হলে যত দ্রুত সম্ভব তা বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।”

সিটি কাউন্সিলের প্রশংসা ও সতর্ক বার্তা:

বার্সেলোনা সিটি কাউন্সিলের নিরাপত্তা বিষয়ক উপ-মেয়র ও সিউতাত ভেল্লার কাউন্সিলর আলবার্ত বাতিয়ে, অভিযানের প্রশংসা করে বলেন—
“মাদকবিরোধী এই লড়াই পুলিশ, আদালত ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টার ফল। এটি নাগরিকদের জন্য একটি বার্তা— যে বার্সেলোনায় অপরাধীরা কোনোভাবেই অদণ্ডিত থাকবে না।”
তিনি আরও বলেন,
“মাদক ব্যবসা এমন এক সাতমাথা বিশিষ্ট দানবের মতো, যার একটি মাথা কাটা গেলেই আরেকটি গজায়। তবে এই লড়াই থেমে থাকবে না, কারণ মাদকই অনেক অপরাধের মূল উৎস।”

এ বছর ৭২ জন গ্রেপ্তার, ৫১টি নারকোপিসো বন্ধ:

সম্প্রতি সিউতাত ভেল্লা অঞ্চলের স্থানীয় নিরাপত্তা বৈঠকে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ৫১টি নারকোপিসো বন্ধ করা হয়েছে।
এছাড়া আরও ৭টি ক্যানাবিস ক্লাব, যেগুলো আড়ালে মাদক বিক্রি করত, সেগুলোতেও অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাগরিক সহযোগিতার কারণেই সাফল্য:

পুলিশ জানায়, নারকোপিসো বা মাদক বিক্রির ফ্ল্যাটগুলো শুধু মাদক ব্যবসাই নয়, বরং চুরি, ছিনতাই, প্রতিবেশীদের হয়রানি, ও দোকানপাটে ক্ষতি— এসব সমস্যাও সৃষ্টি করে। তাই এই সমস্যা মোকাবিলায় নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

সিউতাত ভেল্লার নিরাপত্তা কমিটির বৈঠকে বিশেষভাবে বলা হয় যে, নাগরিকদের অভিযোগ, সতর্কতা ও তথ্য প্রদান পুলিশের কাজকে সহজ করে তুলেছে।
বার্সেলোনার কেন্দ্রাঞ্চলে এই মাদকবিরোধী অভিযান শুধু অপরাধ দমনে নয়, বরং নাগরিক জীবনের নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।
পুলিশ, সিটি কাউন্সিল ও সাধারণ মানুষের সমন্বিত এই উদ্যোগ শহরবাসীর কাছে এক নতুন আস্থার বার্তা দিয়েছে যে,
বার্সেলোনাকে মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক