এইচএসসি পরীক্ষার ফল কবে ঘোষণা হবে, জানিয়েছে শিক্ষা বোর্ড
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল সেদিন সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র এবং মোবাইল এসএমএসের মাধ্যমে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের “Result” কর্নারে ক্লিক করে বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ডাউনলোড করা যাবে। একইভাবে প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রতিষ্ঠানভিত্তিক ফল পাওয়া যাবে।
পরীক্ষার্থীরা চাইলে ব্যক্তিগত ফলাফলও অনলাইনে দেখতে পারবেন। এছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন পদ্ধতি ও নির্দেশনা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পর পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। ফলে এবার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী।













