যোগাযোগ, শিক্ষা ও হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ চান সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসী
দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে দিরাই-শাল্লার যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেছেন সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেছেন, সম্ভাবনাময় এ জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ, আধুনিক যোগাযোগব্যবস্থা এবং প্রান্তিক মানুষের সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাসিম হোসাইন।
বক্তারা বলেন, দিরাই-শাল্লার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, শিক্ষার নানা সংকট এবং হাওরকেন্দ্রিক জীবন-জীবিকার প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে হাওরাঞ্চলের দুর্গম জনপদে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মান বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, দিরাই-শাল্লার উন্নয়ন শুধু স্থানীয় জনগণের প্রত্যাশা নয়, এটি এ অঞ্চলের বিপুল সম্ভাবনা কাজে লাগানোরও পূর্বশর্ত। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা গেলে শিক্ষা, অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন, হাজী মো. সমুজ মিয়া এবং অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার মোহন।
এ ছাড়া বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল হাই, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার পীযূষ কান্তি তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হুদা ও সাংবাদিক শাহজাহান চৌধুরীসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. নাসিম হোসাইন সংগঠনের অভিষেক উপলক্ষে প্রকাশিত ‘অভিষেক স্মারক-২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন। স্মারকটি সম্পাদনা করেন সংগঠনের প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক আশরাফ আহমেদ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল লতিফ ও বিন ইয়ামিন রাসেল। এতে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির সদস্য এবং সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।













