এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করতে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুটি চুক্তির কথা চলতি বছরে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির আওতায় বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার কথা জানানো হয়েছিল।
এরপর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার। গত ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে।
জাতীয় পতাকাবাহী বিমানকে আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার উদ্যোগের অংশ হিসেবে উড়োজাহাজের বহর সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার।
এই পরিকল্পনার আওতায় ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার রোডম্যাপ পর্যালোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।










