বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র?
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না ওয়াশিংটন। বাংলাদেশসহ মোট ২০টি দেশকে এ শুল্ক ছাড়ের আওতায় রাখা হয়েছে।
এ বিষয়ে দেশগুলোর তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলো থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু ওষুধে শূন্য শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
শুল্কমুক্ত পণ্যের তালিকায় রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্ব চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত পণ্য, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধ উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও শূন্য শুল্কের সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশের পাশাপাশি শূন্য শতাংশ শুল্কের তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, এসব দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে।
গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য এবং সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানোই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তবে জেনেরিক ওষুধ ও এর সংশ্লিষ্ট উপাদান এ শুল্কের আওতায় পড়বে না বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ রপ্তানিতে অতিরিক্ত শুল্কের চাপ থাকছে না।












