ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। বিরতিতে দুই দল ২-২ সমতায় আছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ভান্দেরসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান।
গোল হজম করেও দমে যায়নি অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মেটকাফের নেওয়া কর্নার ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে। দারুণ ভঙ্গিতে পা ছুঁইয়ে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। গোলটি অফসাইড কি না, তা দেখতে ভিএআরের সাহায্য নেওয়া হলেও শেষ পর্যন্ত গোল বহাল থাকে।
এর পাঁচ মিনিট পরই লিড নেয় অস্ট্রেলিয়া। আলেসান্দ্রোর বাড়ানো বল ধরে জালে পাঠান কনর মেটকেলফ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
পিছিয়ে পড়ার পরও প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে ব্রাজিল। ৪৫তম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে অস্ট্রেলিয়ার বক্সে ঢোকার সময় দানিলোকে ফাউল করেন হ্যারি সাউটার। দানিলো পড়ে গেলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের পরামর্শে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।
স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া। নিচু শটে বল গোলের নিচের কোণায় পাঠান তিনি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকে ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি।
তাতে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-২ সমতায় ফেরে ব্রাজিল। এর আগে টাউনসভিলে দুই দলের প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।













