সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিনিময়ে সহযোগিতা জোরদার

মালয়েশিয়া ও রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থার সমঝোতা স্মারক

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম
মালয়েশিয়া ও রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থার সমঝোতা স্মারক

সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিনিময়, পেশাগত দক্ষতা এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে সহযোগিতা জোরদার করতে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামা ও রাশিয়ার সংবাদ সংস্থা তাস (TASS) সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সোমবার এ সমঝোতা স্মারক সই হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংবাদ সংস্থাগুলোর সংগঠন ওআনা’র (OANA) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। বার্নামার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতিন পাদুকা নুর-উল আফিদা কামালুদ্দিন এবং তাসের মহাপরিচালক আন্দ্রেই কোন্দ্রাশভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক সইয়ের পর নুর-উল আফিদা বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক গণমাধ্যম পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি দুই জাতীয় সংবাদ সংস্থার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই সমঝোতা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, এখন কয়েক সেকেন্ডের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে সংবাদ পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য জনসাধারণের আস্থার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে। এ কারণে বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থাগুলোর ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নুর-উল আফিদা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বার্নামা ও তাস সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিনিময় আরও জোরদার করতে পারবে। পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং ডিজিটাল সাংবাদিকতা, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রযুক্তি সংবাদ উৎপাদন ও গ্রহণের পদ্ধতিতে ধারাবাহিক পরিবর্তন আনলেও সাংবাদিকতার মৌলিক মূল্যবোধ অপরিবর্তিত থাকতে হবে। নির্ভুলতা, তথ্য যাচাই, ন্যায্যতা ও সততা এসব নীতিই সংবাদ পরিবেশনের ভিত্তি হিসেবে বজায় রাখতে হবে।

বার্নামার প্রধান নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা মালয়েশিয়া ও রাশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশ ও গোটা অঞ্চলের বিষয়ে পাঠক-দর্শকরা আরও বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পাওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, এই সমঝোতা স্মারক বার্নামা ও তাসের মধ্যে অর্থবহ ও দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ উন্মুক্ত করবে।

এর আগে নুর-উল আফিদা ও আরুল রাজু ‘ইতিহাস ও উন্নয়ন: এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৬৫ বছরের তথ্য বিনিময়’ শীর্ষক ওআনা’র আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তাসের মহাপরিচালক আন্দ্রেই কোন্দ্রাশভ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ ছাড়া তারা ওআনা’র ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন।

গত ২০ সেপ্টেম্বর নুর-উল আফিদা ও আরুল রাজু ওআনা’র ৫৮তম নির্বাহী বোর্ড সভা (ইবিএম) ও কারিগরি কমিটির বৈঠকে অংশ নেন। বার্নামা ওআনা’র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।

১৯৬১ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর উদ্যোগে ওআনা প্রতিষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংবাদ সংস্থাগুলোর মধ্যে সরাসরি ও অবাধ সংবাদ বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এ অঞ্চলে। বর্তমানে ৩৫টি দেশের ৪১টি জাতীয় সংবাদ সংস্থা ওআনা’র সদস্য হিসেবে রয়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক