সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আইনে কী বলে

সন্তানহীন দম্পতিরা কি শিশু দত্তক নিতে পারেন বাংলাদেশে?

ফিচার ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
সন্তানহীন দম্পতিরা কি শিশু দত্তক নিতে পারেন বাংলাদেশে?

বাংলাদেশে শিশু দত্তক নেওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। অনেকেই মনে করেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইচ্ছা করলেই কোনো শিশুকে দত্তক নিয়ে নিজের সন্তান হিসেবে পরিচয় দেওয়া যায়। বাস্তবে বাংলাদেশের আইন ও ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনে বিষয়টি বেশ জটিল। বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে প্রচলিত অর্থে দত্তক নেওয়ার আইনি সুযোগ নেই; আদালতের মাধ্যমে শিশুর অভিভাবকত্ব নেওয়ার সুযোগ রয়েছে।

সন্তান না হওয়া দম্পতিদের কেউ কেউ পরিচিতজনের মাধ্যমে বা সরাসরি শিশুর জৈবিক বাবা-মায়ের সঙ্গে চুক্তি করে শিশুকে নিজেদের কাছে নিয়ে আসেন। কিন্তু স্ট্যাম্প পেপারে চুক্তি করে কোনো শিশুকে নিজের সন্তান হিসেবে নেওয়া আইনসম্মত পদ্ধতি নয়। শিশুর জৈবিক বাবা-মা ভবিষ্যতে কোনো দাবি করবেন না—এমন লিখিত চুক্তিও শিশুর ওপর তাদের আইনগত অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে না।

বাংলাদেশে মুসলিম আইনে দত্তক গ্রহণের ধারণা স্বীকৃত না থাকায় আদালতের মাধ্যমে মূলত শিশুর অভিভাবকত্ব নেওয়া যায়। এ ক্ষেত্রে আদালত শিশুটির নিরাপত্তা, ভবিষ্যৎ এবং সর্বোচ্চ কল্যাণকে গুরুত্ব দেয়। ১৮৯০ সালের গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস আইনের আওতায় এ ধরনের অভিভাবকত্বের আবেদন করা যায়। শিশুর বিষয়ে কোনো বিরোধ না থাকলে প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে। তবে বিরোধ বা আপিলের মতো বিষয় থাকলে মামলা দীর্ঘায়িত হতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অভিভাবকত্ব পাওয়া আর সন্তান দত্তক নেওয়া এক বিষয় নয়। অভিভাবকত্বের মাধ্যমে একজন ব্যক্তি শিশুটিকে নিজের জিম্মায় নিয়ে তার দেখাশোনা, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব নিতে পারেন। কিন্তু এতে শিশুটি আইনগতভাবে তার জৈবিক সন্তানের সমান হয়ে যায় না। বিশেষ করে মুসলিম ও খ্রিস্টান আইনে পালক সন্তান স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকারীও হয় না।

হিন্দু ধর্মে দত্তকের সুযোগ

হিন্দু ব্যক্তিগত আইনে দত্তক গ্রহণের বিধান রয়েছে। তবে বাংলাদেশে এ ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী বর্তমানে নির্দিষ্ট পরিস্থিতিতে হিন্দু পুরুষের দত্তক নেওয়ার সুযোগ রয়েছে। নারীর ক্ষেত্রে নিয়ম আরও সীমিত—বিবাহিত নারীকে স্বামীর সম্মতি এবং বিধবা নারীকে স্বামীর জীবদ্দশায় দেওয়া অনুমতির বিষয়টি বিবেচনায় নিতে হয়।

অন্যদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও মুসলিমদের মতো শিশুর অভিভাবকত্ব নেওয়ার সুযোগ রয়েছে, প্রচলিত অর্থে দত্তক গ্রহণের আলাদা বিধান নেই।

বাংলাদেশে দত্তক ব্যবস্থার সীমাবদ্ধতার পেছনে ধর্মীয় ও আইনি ইতিহাসও গুরুত্বপূর্ণ। ১৯৮৯ সালের শিশু অধিকার সনদে বাংলাদেশ স্বাক্ষর করলেও আন্তর্দেশীয় দত্তক সংক্রান্ত নির্দিষ্ট বিধানের ক্ষেত্রে পূর্ণ অনুমোদন দেয়নি। এর সঙ্গে মুসলিম ব্যক্তিগত আইনে দত্তক গ্রহণের স্বীকৃতি না থাকার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে আইনজীবীরা মনে করেন।

১৯৭২ সালে যুদ্ধশিশু ও পরিত্যক্ত শিশুদের পুনর্বাসনের জন্য বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই ব্যবস্থার অধীনে শিশু দত্তকের সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে শিশু পাচার, অনিয়ম ও ধর্মান্তরের আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগ সামনে আসায় ১৯৮২ সালে আইনে পরিবর্তন আনা হয় এবং বিদেশিদের কাছে শিশু দত্তকের সুযোগ বন্ধ করা হয়।

তবে বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রয়োজনীয় নথিপত্র ও আদালতের অনুমতি নিয়ে তারা বাংলাদেশে কোনো শিশুর অভিভাবকত্ব পেতে পারেন এবং নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুকে বিদেশেও নিতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পালক বা অভিভাবকত্ব পাওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তির উত্তরাধিকারী হয় না। মুসলিম আইনে তাকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে হেবা বা ওসিয়তের মতো আলাদা আইনি ব্যবস্থা ব্যবহার করতে হয়। ওসিয়তের মাধ্যমে সাধারণভাবে মোট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত দেওয়ার সুযোগ রয়েছে। তবে উত্তরাধিকার ও সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পরিস্থিতিভেদে আলাদা আইনি জটিলতা তৈরি হতে পারে।

ফলে বাংলাদেশে সন্তানহীন কোনো দম্পতি যদি একটি শিশুকে নিজের কাছে নিয়ে লালন-পালন করতে চান, তাহলে শুধু জৈবিক বাবা-মায়ের সঙ্গে চুক্তি করে বা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করিয়ে শিশুকে নিয়ে আসা নিরাপদ আইনি পথ নয়। শিশুর ভবিষ্যৎ, পরিচয়, উত্তরাধিকার এবং অভিভাবকের অধিকার—সবকিছু বিবেচনায় নিয়ে আদালতের নির্ধারিত প্রক্রিয়ায় অভিভাবকত্ব নেওয়াই আইনসম্মত ও নিরাপদ পথ।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক