শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি, বন্ধ সাত বিমানবন্দর; ভোগান্তিতে পৌনে দুই লাখ যাত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি, বন্ধ সাত বিমানবন্দর; ভোগান্তিতে পৌনে দুই লাখ যাত্রী

ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাইয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। সোমবার সকাল পর্যন্ত রাজধানী জাকার্তাসহ দেশটির সাতটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের কারণে দেশটির আটটি বিমানবন্দরে এ পর্যন্ত ১ হাজার ৫৫৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর মধ্যে ৯০০টির বেশি ফ্লাইট জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হচ্ছিল।

সুকার্নো-হাত্তা বিমানবন্দরের কার্যক্রম সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাম্পুং ও পশ্চিম জাভা প্রদেশের কয়েকটি বিমানবন্দরও একই কারণে বন্ধ রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পরিবহণমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় বিমান চলাচল কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে শুক্রবার গভীর রাতে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়। পরবর্তী সময়ে আগ্নেয়গিরির ছাই জাকার্তা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

শনিবার আগ্নেয়গিরি থেকে শক্তিশালী লাভা উদ্‌গিরণের পাশাপাশি একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরি থেকে কয়েকশ কিলোমিটার দূরের এলাকাতেও এসব শব্দ শোনা গেছে। রোববারও বেশ কয়েক দফা অগ্ন্যুৎপাত ঘটে। সর্বশেষ অগ্ন্যুৎপাতটি রোববার রাত ৮টা ২৩ মিনিটে রেকর্ড করা হয়।

আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আগামী কয়েক দিনেও অগ্ন্যুৎপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আকাশে আগ্নেয়গিরির ছাই শনাক্ত হওয়ার পরই সুকার্নো-হাত্তা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফলে বিপুলসংখ্যক যাত্রীকে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে।

অগ্ন্যুৎপাতের প্রভাব পড়েছে জাকার্তার শিক্ষাপ্রতিষ্ঠানেও। সোমবার নগরীর বেশ কয়েকটি স্কুলে সরাসরি ক্লাসের পরিবর্তে অনলাইনে পাঠদান করা হয়েছে। তবে এই ব্যবস্থা কত দিন চলবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি নগর কর্তৃপক্ষ।

আগ্নেয়গিরির ছাই সুমাত্রার দক্ষিণাঞ্চলের বান্দার লামপুং শহরেও পৌঁছেছে। শহরটির বিভিন্ন সড়ক ও যানবাহনের ওপর ছাই জমে থাকতে দেখা গেছে। একই সঙ্গে আগ্নেয়গিরির কার্যক্রমের কারণে কিছু নৌযান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জাভা ও সুমাত্রার মধ্যবর্তী প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিকে ঘিরে তিন কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় নৌযান প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ভূতাত্ত্বিক সংস্থার প্রধান লানা সারিয়া স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়া উত্তপ্ত পদার্থ ওই এলাকায় থাকা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তবে সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের কারণে সুনামি সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন লানা সারিয়া।

আনাক ক্রাকাতোয়া গত শতকের শুরুতে সমুদ্রের মধ্যে নতুন করে জেগে ওঠে। ১৮৮৩ সালের ভয়াবহ ক্রাকাতোয়া অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট বিশাল আগ্নেয়গিরির গহ্বরের মধ্যে পরবর্তী সময়ে এর সৃষ্টি হয়। ওই ভয়াবহ অগ্ন্যুৎপাতে আনুমানিক ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এর প্রায় ১৩৫ বছর পর ২০১৮ সালে আনাক ক্রাকাতোয়ার একটি অংশ ধসে সুনামি সৃষ্টি হয়। ওই ঘটনায় ৪২৯ জন নিহত হন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত। ভূত্বকের বিভিন্ন প্লেটের সংঘর্ষের কারণে এ অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক