প্রেমের টানে বিয়ে করতে সখীপুরে চীনা যুবক
অনলাইনে পরিচয় থেকে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন দং লিয়াং নামের এক যুবক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে (২৫) বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তবে ভিসার মেয়াদ স্বল্পতা এবং নিরাপত্তার সার্বিক দিক বিবেচনায় প্রতারণার আশঙ্কায় ওই যুবককে ফিরিয়ে দিয়েছে মেয়েটির পরিবার ও এলাকাবাসী।
শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে সখীপুর বাজারে পৌঁছান দং লিয়াং। পরে তরুণী নিজে গিয়ে তাঁকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে যান। চীনা নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে বাড়িতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে তিন মাস আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটজিপিটির মাধ্যমে ওই তরুণীর সাথে দং লিয়াংয়ের পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার উদ্দেশ্যে তিনি সখীপুরে পৌঁছালে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। পরবর্তীতে রাতে একটি গাড়ি ভাড়া করে ওই যুবককে ঢাকার চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।
মেয়েটির নানা জানান, চীনা নাগরিকের ভিসার মেয়াদ মাত্র ৯ দিন বাকি ছিল। এত কম সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করে তরুণীকে চীনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এছাড়া মানব পাচার বা প্রতারণার মতো ঝুঁকি এড়াতে তাঁকে নিজ দেশে ফিরে গিয়ে তরুণীর জন্য প্রয়োজনীয় ভিসার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে পরবর্তীতে বিয়ের বিষয়টি বিবেচনা করা হবে বলে পরিবারটি জানায়।
তবে দং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি দ্রুতই বাংলাদেশে ফিরে আসবেন এবং ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করবেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মেয়েটি যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে স্থানীয়রা রাতে ওই যুবকের সাথে কথা বলে তাঁকে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।










