সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়া থেকে মিয়ানমারে প্রত্যাবাসন ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি মিয়ানমারের, শঙ্কা জাতিসংঘের

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
মালয়েশিয়া থেকে মিয়ানমারে প্রত্যাবাসন  ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি মিয়ানমারের, শঙ্কা জাতিসংঘের

মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে স্বেচ্ছায় দেশে ফেরানোর প্রস্তুতির মধ্যেই ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। তবে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, বাস্তবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদেশে বাস্তুচ্যুত নিজ নাগরিকদের স্বেচ্ছায় ও যাচাইকৃত প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় নিরাপত্তা ও মর্যাদাকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।

এর আগে জুলাইয়ে মালয়েশিয়া জানিয়েছিল, মিয়ানমার প্রায় ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে সেপ্টেম্বরের শেষ দিকে স্বেচ্ছায় প্রত্যাবাসন করা হবে। তবে এই দফায় কতজন রোহিঙ্গা থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই সহিংসতার ঘটনাকে কেন্দ্র করেই মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।

বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলোতে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি হিসেবে পরিচিত এসব শিবির থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর আলোচনা দীর্ঘদিন ধরে চললেও বাস্তবে প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এদিকে মালয়েশিয়াতেও বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের পাশাপাশি প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার নিয়ে মিয়ানমারের অবস্থান নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আবারও ‘রোহিঙ্গা’ শব্দটি প্রত্যাখ্যান করে দাবি করেছে, এই শব্দটি মিয়ানমারে কখনো অস্তিত্ব না থাকা একটি জাতিগত পরিচয়কে ‘মিথ্যাভাবে প্রতিষ্ঠা’ করে।

সম্প্রতি বিভিন্ন দেশে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালনেরও সমালোচনা করেছে মিয়ানমার।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এর আগে স্পষ্ট করে বলেছেন, কোনো মিয়ানমারের নাগরিককে এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো হবে না, যেখানে তার ওপর নির্যাতনের আশঙ্কা রয়েছে কিংবা জীবন হুমকির মুখে পড়তে পারে।

তবে মানবাধিকার পর্যবেক্ষকদের আশঙ্কা, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করা এমন একটি দেশে ফেরত পাঠানো হলে তারা আবারও নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি ‘বর্তমানে বিদ্যমান নেই’।

মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের অনেক নাগরিক বর্তমানে দেশটির অভিবাসন আটককেন্দ্রে রয়েছেন। এ অবস্থায় তাদের দেশে ফেরার সিদ্ধান্ত কতটা স্বাধীন ও স্বেচ্ছাপ্রসূত তা নিয়েও প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

বিশেষ করে আটক অবস্থায় থাকা ব্যক্তিদের ওপর প্রত্যাবাসনে সম্মতির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে প্রত্যাবাসনের আগে প্রতিটি ব্যক্তির সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া হয়েছে কি না, তাদের নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে কি না এবং দেশে ফেরার পর তাদের অধিকার কীভাবে সুরক্ষিত হবে এসব বিষয় নিশ্চিত করার দাবি উঠেছে।

মিয়ানমার সরকার অবশ্য বলছে, যাচাইকৃত বাস্তুচ্যুত নাগরিকদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতিসংঘের সর্বশেষ মূল্যায়ন বলছে, সেই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি।

ফলে সেপ্টেম্বরের শেষ দিকে মালয়েশিয়া থেকে শুরু হতে যাওয়া প্রথম দফার প্রত্যাবাসন শুধু দুই দেশের কূটনৈতিক সমঝোতার পরীক্ষা নয়, বরং মিয়ানমারে ফিরে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক