সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পর্তুগালে নতুন টিভিডিই(উবার/ভোল্ট) আইন কার্যকর, বদলে গেল ভাড়া থেকে ভিডিও নজরদারির নিয়ম

পর্তুগাল প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ এম
পর্তুগালে নতুন টিভিডিই(উবার/ভোল্ট) আইন কার্যকর, বদলে গেল ভাড়া থেকে ভিডিও নজরদারির নিয়ম

পর্তুগালে টিভিডিই বা অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন সেবার জন্য নতুন আইন কার্যকর হয়েছে। আজ, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন আইনে ট্যাক্সি ও টিভিডিই খাতের মধ্যে সমন্বয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ভাড়া নির্ধারণ, চালকদের প্রশিক্ষণ, গাড়িতে ভিডিও নজরদারি এবং সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

নতুন আইনটি আইন নম্বর ৫৯/২০২৬ হিসেবে কার্যকর হয়েছে। এর মাধ্যমে ২০১৮ সালে চালু হওয়া টিভিডিই ব্যবস্থার বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।

ট্যাক্সিও টিভিডিই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, নির্দিষ্ট শর্ত পূরণ করে ট্যাক্সি চালকরাও অনুমোদিত টিভিডিই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রী পরিবহন করতে পারবেন। অর্থাৎ উবার ও বোল্টের মতো অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে ট্যাক্সি পরিষেবাকে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

ডায়নামিক ভাড়ায় আর আগের সীমা থাকছে না

নতুন আইনে টিভিডিই পরিষেবার ডায়নামিক প্রাইসিং বা পরিবর্তনশীল ভাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট পরিস্থিতিতে সাধারণ ভাড়ার সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত ভাড়া নেওয়ার সীমা ছিল। নতুন আইনে সেই সীমা তুলে দেওয়া হয়েছে।

তবে ভাড়া বাড়ানোর ক্ষেত্রে যাত্রীকে মূল্য নির্ধারণের কারণ স্পষ্টভাবে জানাতে হবে।

গাড়ির ভেতরে ভিডিও রেকর্ডিং করা যাবে

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে টিভিডিই গাড়ির ভেতরে ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়।

চালক ও যাত্রী উভয়ের স্পষ্ট সম্মতি থাকলেই ভিডিও রেকর্ড করা যাবে। তবে অডিও বা কথোপকথন রেকর্ড করার অনুমতি নেই।

চালকদের প্রশিক্ষণে কঠোরতা

নতুন টিভিডিই চালকদের জন্য প্রশিক্ষণের নিয়মও আরও কঠোর করা হয়েছে। প্রাথমিক প্রশিক্ষণের মেয়াদ কমপক্ষে ৫০ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে চালকদের ৩০টি প্রশ্নের একটি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে ২৭টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

এ ছাড়া চালকদের পর্তুগিজ ভাষায় কার্যকরভাবে যোগাযোগ ও কাজ করার সক্ষমতাও যাচাই করা হবে।

গাড়িতে বাধ্যতামূলক পরিচয়চিহ্ন

নতুন নিয়ম অনুযায়ী টিভিডিই গাড়িতে পর্তুগালের আইএমটি বা ইনস্টিটিউট অব মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্টের অনুমোদিত বিশেষ পরিচয়চিহ্ন প্রদর্শন করতে হবে।

এই পরিচয়চিহ্ন গাড়ির বাইরে থেকে দৃশ্যমান হতে হবে এবং এটি সহজে পরিবর্তন বা সরানো যাবে না।

অবৈধ টিভিডিই কার্যক্রমে নজরদারি বাড়বে

নতুন আইনের আওতায় সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। পর্তুগালের আইএমটি-এর অধীনে একটি তথ্য আদান-প্রদান ব্যবস্থা তৈরি করা হবে।

এর মাধ্যমে টিভিডিই অপারেটর, চালক, গাড়ি, বিমা ও পরিদর্শনসহ বিভিন্ন তথ্য সরকারি ব্যবস্থার মধ্যে আদান-প্রদান করা যাবে। এর অন্যতম উদ্দেশ্য হলো অবৈধভাবে টিভিডিই পরিষেবা পরিচালনা করা হচ্ছে কি না, তা আরও কার্যকরভাবে শনাক্ত করা।

গাড়িতে বিজ্ঞাপনের সুযোগ

নতুন আইনে টিভিডিই গাড়ির ভেতরে ও বাইরে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগও বাড়ানো হয়েছে। ফলে চালক ও অপারেটরদের জন্য অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

ট্যাক্সির নতুন ভাড়া কার্যকর হবে অক্টোবরে

যদিও নতুন টিভিডিই আইন ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে, ট্যাক্সির ভাড়া সংক্রান্ত নতুন নিয়ম একই দিনে কার্যকর হচ্ছে না। এ ক্ষেত্রে পরিবর্তিত ট্যারিফ ব্যবস্থা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

আইন নিয়ে আপত্তি ট্যাক্সি খাতে

নতুন আইন নিয়ে টিভিডিই ও ট্যাক্সি উভয় খাতের সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ট্যাক্সি খাতের সংগঠন আনত্রাল এবং এফপিটি নতুন আইনের কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে।

সংগঠন দুটির পক্ষ থেকে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে পর্তুগালের ট্রাইবুনাল কনস্তিতুসিওনাল, অর্থাৎ সাংবিধানিক আদালতের দ্বারস্থ হওয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছে।

নতুন আইনের ফলে পর্তুগালের যাত্রী পরিবহন খাতে টিভিডিই ও প্রচলিত ট্যাক্সি পরিষেবার মধ্যে প্রতিযোগিতা ও সমন্বয়ের নতুন একটি অধ্যায় শুরু হলো। একই সঙ্গে ভাড়া, চালকদের যোগ্যতা এবং যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন নিয়মগুলো আগামী দিনে এই খাতের কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক