জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান
সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ ও ভাষণ।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর আট থেকে ১০ দিনের হতে পারে। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পার্শ্ববৈঠক, অনুষ্ঠান ও কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। অধিবেশনে যোগ দেওয়ার আগে অন্য কোনো দেশে সফর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এরই মধ্যে সফরসূচি চূড়ান্ত করার কাজ করছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে কূটনৈতিক নোটও পাঠানো হয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তারেক রহমান। ২০০৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এবারের সফরকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ইতোমধ্যে এ নিয়ে ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলের নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ছিল গত জুনে মালয়েশিয়া ও চীন। ওই সফরে জনশক্তি রপ্তানি, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর কয়েকটি দেশ থেকে আমন্ত্রণ এলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে আর কোনো বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










