মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা জোরদারে কাজ করবে দুই দেশ
মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে। সন্ত্রাসবাদ দমন, পুলিশ, অভিবাসন, মাদকবিরোধী অভিযান, সাইবার অপরাধ এবং বন্দি হস্তান্তরসহ (আইটিওপি) বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
পাকিস্তানে সরকারি সফরের প্রথম দিনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরের শুরুতে তিনি পাকিস্তান মনুমেন্ট পরিদর্শন করেন। সেখানে ফেডারেল কনস্ট্যাবুলারি তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আল-ফাতিহা পাঠ করেন।
এরপর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি (আইসিটি) পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন এবং সন্ত্রাসবিরোধী অভিযানের একটি প্রদর্শনী প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি পুলিশ আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ ও সরঞ্জাম ঘুরে দেখেন। পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সাইফুদ্দিন নাসুশন। বৈঠকে মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা, পুলিশি সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, মাদকবিরোধী কার্যক্রম, সাইবার অপরাধ দমন এবং আন্তর্জাতিক বন্দি হস্তান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
দুই দেশের মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার বিষয়গুলো আরও কার্যকরভাবে এগিয়ে নিতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারেও নীতিগতভাবে সম্মত হন দুই মন্ত্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই ওয়ার্কিং গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সফরের প্রথম দিনে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবন নিয়েও আগ্রহ দেখান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে রাওয়ালপিন্ডির ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কে (এনএএসটিপি) আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি।
সেখানে পাকিস্তানের প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন তিনি। বিশেষ করে মহাকাশ ও বিমান প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তা খাতে পাকিস্তানের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করা হয়।
পরে ইসলামাবাদের ডামানকোর ডোমে আয়োজিত নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সফরের প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক অভ্যর্থনা ও সম্মান দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ও আইন প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর করার পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে উভয় পক্ষ।













