সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রচণ্ড গরম মোকাবিলায় তৈরি হলো ‘মানুষের জন্য ফ্রিজ’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম
প্রচণ্ড গরম মোকাবিলায় তৈরি হলো ‘মানুষের জন্য ফ্রিজ’

জাপানে দিন দিন বাড়ছে তীব্র গরম। এই চরম তাপমাত্রার মধ্যে বিশেষ করে বাইরে কাজ করা শ্রমিকদের শরীর দ্রুত ঠান্ডা রাখতে তৈরি করা হয়েছে অভিনব এক যন্ত্র—‘মানুষের জন্য ফ্রিজ’।

‘Do Hiemon Box’ নামের এই যন্ত্রটি তৈরি করেছে জাপানের প্রতিষ্ঠান SDRS এবং শিল্প সরঞ্জাম সরবরাহকারী কোম্পানি Trusco Nakayama। দেখতে অনেকটা পুরোনো দিনের টেলিফোন বুথের মতো। এর উচ্চতা প্রায় ২ মিটার, প্রস্থ ৯৪ সেন্টিমিটার এবং গভীরতা ১.১৯ মিটার। বাইরের অংশ স্টেইনলেস স্টিলের তৈরি। সামনে রয়েছে কাচের দরজা, যা চুম্বকের সাহায্যে বন্ধ থাকে এবং ভেতর থেকেও খোলা যায়।

ব্যবহার করাও বেশ সহজ। কর্মী ভেতরে ঢুকে বসার পরই ঠান্ডা অনুভব করতে শুরু করেন। যন্ত্রটির ভেতরের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। পাশাপাশি ঘাড়ের ঠিক পেছন থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস বের হয়ে মাথা, ঘাড় ও কাঁধের দিকে প্রবাহিত হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, প্রায় পাঁচ মিনিট ব্যবহারের পরই ঠান্ডার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়। মাত্র ১০ মিনিট ব্যবহার করলেই অতিরিক্ত গরমের কারণে শরীরে যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তা প্রতিরোধে সহায়তা করে। তবে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া ঠেকাতে ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে শীতল করার ক্ষমতা কমিয়ে দেয় যন্ত্রটি।

এর আরেকটি সুবিধা হলো, এটি সাধারণ বৈদ্যুতিক সংযোগেই চালানো যায় এবং একটি এয়ার কন্ডিশনারের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ খরচ করে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে কর্মীদের জন্য এটি কিনতে আগ্রহ দেখাচ্ছে।

তবে দামটি বেশ চড়া। জাপানের বাজারে এর দাম কর ছাড়া প্রায় ১৫ লাখ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে বেশ বড় অঙ্কের অর্থ। প্রথম দিকের ক্রেতাদের মধ্যে রয়েছে টোকিওর উত্তর-পূর্বাঞ্চলের মায়েবাশি শহরের পৌরসভা। তারা নাগরিকদের ব্যবহারের জন্য একটি যন্ত্র শহরের একটি ভবনের লবিতে স্থাপন করেছে।

৪০ ডিগ্রির ওপরে উঠছে তাপমাত্রা

এ বছর জাপানে তীব্র গরমের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত মাত্র এক সপ্তাহে ১০ হাজার ৮৫৭ জনকে হিটস্ট্রোক বা অতিরিক্ত গরমজনিত অসুস্থতার কারণে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতে হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ।

দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এমন চরম গরম বোঝাতে জাপানি ভাষায় আগে নির্দিষ্ট কোনো শব্দ ছিল না। চলতি বছরের ফেব্রুয়ারিতে জনপ্রিয় ভোটের মাধ্যমে ‘কোকুশোবি’ শব্দটি অভিধানে যুক্ত করা হয়, যার অর্থ ‘চরম তাপের দিন’।

ক্রমবর্ধমান তাপপ্রবাহের মধ্যে নতুন এই ‘মানুষের জন্য ফ্রিজ’ জাপানে কর্মীদের দ্রুত শরীর ঠান্ডা করার একটি অভিনব উপায় হিসেবে নজর কেড়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক