মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ছয় মাসে ৬,৮৫৩ ট্রাভেল পাস, ৪০০ প্রবাসীকে সহায়তা, ক্ষতিপূরণ আদায় ৬৩ লাখ ৮৮ হাজার ৬৪৮ রিঙ্গিত

মালয়েশিয়ায় প্রবাসীদের নির্ভরতার ঠিকানা বাংলাদেশ হাইকমিশন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম
মালয়েশিয়ায় প্রবাসীদের নির্ভরতার ঠিকানা বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় আইনি জটিলতা, শ্রম বিরোধ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যায় পড়া বাংলাদেশি প্রবাসীদের সহায়তায় চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। ট্রাভেল পাস ইস্যু, আইনি ও কনস্যুলার সহায়তা, শ্রমিকদের বকেয়া বেতন ও ক্ষতিপূরণ আদায় এবং মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মিশনটি।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৩টি ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক ১ হাজার ৩১৯ জন বাংলাদেশিকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ভ্রমণ নথির অভাবে দেশে ফিরতে না পারা প্রবাসীদের জন্য এ সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

হাইকমিশন সূত্র জানায়, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং দ্রুত ট্রাভেল পাস ইস্যুর মাধ্যমে দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে। পাশাপাশি হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত ৮টি কারাগার ও ১৩টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার ও মানবিক সহায়তা প্রদান করছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারি খরচে ১৩ জন বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এছাড়া নিয়োগকর্তা, সংশ্লিষ্ট কোম্পানি ও স্বজনদের অর্থায়নে আরও ৫৮৪ জনের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ায় হাইকমিশনের কর্মকর্তারা সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে আসছেন।

একই সময়ে শ্রম বিরোধ, বকেয়া বেতন, কর্মস্থলে দুর্ঘটনা, অভিবাসন আইনসংক্রান্ত জটিলতা এবং অন্যান্য সমস্যায় থাকা প্রায় ৪০০ জন বাংলাদেশি প্রবাসীকে কনস্যুলার ও আইনি সহায়তা দেওয়া হয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, শ্রমিকদের বকেয়া বেতন, ভিসাসংক্রান্ত জটিলতার নিষ্পত্তি, কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অন্যান্য দাবির বিপরীতে ৪ লাখ ৯২ হাজার ৬৬৭ মালয়েশিয়ান রিঙ্গিত ক্ষতিপূরণ (কনডোলেন্স মানি) আদায় করা হয়েছে। এছাড়া বৈধ বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী অক্ষমতার ঘটনায় মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা সকসো (SOCSO) থেকে ৫৮ লাখ ৮৮ হাজার ৬৪৮ রিঙ্গিত ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশি প্রবাসীদের জন্য ৬৩ লাখ ৮৮ হাজার ৬৪৮ রিঙ্গিত ক্ষতিপূরণ ও আর্থিক সুবিধা আদায় করতে সক্ষম হয়েছে বাংলাদেশ হাইকমিশন। সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার সরকারি সংস্থা, নিয়োগকর্তা ও আইনজীবীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, “প্রবাসীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশ হাইকমিশনের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিপদে পড়া প্রত্যেক বাংলাদেশিকে দ্রুত কনস্যুলার সেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন।”

হাইকমিশনের মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান বলেন, “মান্যবর হাইকমিশনারের নির্দেশনায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আমরা মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বকেয়া বেতন, ক্ষতিপূরণ এবং অন্যান্য দাবির দ্রুত নিষ্পত্তিতে শ্রম উইং সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে সকসোসহ বিভিন্ন সংস্থা থেকে ক্ষতিপূরণ আদায়ে আমরা নিয়মিত তদারকি করছি।”

প্রবাসী কমিউনিটির নেতারা মনে করেন, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের ফলে অনেক বাংলাদেশি বিভিন্ন আইনি জটিলতায় পড়ছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ও শ্রম উইংয়ের কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের মতে, প্রবাসীদের কল্যাণে বিদ্যমান সেবার পাশাপাশি আইনি সহায়তা আরও সম্প্রসারণ এবং শ্রমিকদের অধিকার আদায়ে কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সংশ্লিষ্টদের ভাষ্য, ট্রাভেল পাস প্রদান, আইনি সহায়তা, ক্ষতিপূরণ আদায় এবং মরদেহ দেশে পাঠানোর মতো কার্যক্রম শুধু প্রশাসনিক দায়িত্ব নয়; বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের বাস্তব প্রতিফলন। প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে এসব উদ্যোগ আরও শক্তিশালী ও গতিশীল হলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা আরও বেশি উপকৃত হবেন।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক