মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের অবদান স্মরণে এনসিপির আলোচনা সভা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৪৪ পিএম
প্রবাসীদের অবদান স্মরণে এনসিপির আলোচনা সভা

মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে ‘Remembering Our Heroes’ শীর্ষক এ অনুষ্ঠান শনিবার (২ আগস্ট) সুবাং জায়ার স্টার কাবাব ইভেন্ট হলে অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা, শহীদদের আত্মত্যাগ, জাতীয় সংস্কার এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ওমর ফারুকের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রনি মিনহাজ। এরপর দেশাত্মবোধক দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিলকিস বিথী ও শেখ আব্দুল মতিন জুলাইয়ের চেতনা ও দেশপ্রেমভিত্তিক কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার। প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক।

এনসিপির মালয়েশিয়া শাখার সদস্যসচিব আলম মো. রওশন জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাং আঞ্চলিক কমিটির নেতারাও বক্তব্য দেন।

বিশেষ অতিথি হাফসা জাহান রাজনীতিতে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

প্রধান অতিথি আব্দুল হান্নান মাসউদ জুলাই গণঅভ্যুত্থানে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের আত্মত্যাগ, রেমিট্যান্স স্থগিত কর্মসূচিতে তাঁদের সাহসী ভূমিকা এবং সার্বিক অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিয়ে বলেন, জনগণের স্বার্থে সরকারকে সবসময় জবাবদিহির আওতায় থাকতে হবে এবং এনসিপি গণতন্ত্র, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন জরুরি। তিনি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সরকারকে তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি এড়িয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা—গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা, আইনের শাসন, মানবিক মর্যাদা ও জনগণের রাজনৈতিক অধিকার—বাস্তবায়নে জাতীয় ঐক্য এবং ধারাবাহিক সংস্কার অপরিহার্য। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাঁদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া উপস্থিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানায়। সংগঠনটি ভবিষ্যতেও জাতীয় স্বার্থ, প্রবাসীদের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:০৯ এম
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি সরাসরি কোনো বক্তব্য দেননি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় উপস্থিত সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করা হবে।

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলেও তাঁর বিষয়ে আলোচনা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক