সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ার আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৫৭ পিএম
মালয়েশিয়ার আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মালয়েশিয়ার অন্যতম বৃহৎ শিল্প ও প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ৩৭তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলা ২০২৬-এ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগ ও সমন্বয়ে এবং বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহযোগিতায় এ অংশগ্রহণের আয়োজন করা হয়।

মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে রয়েছে ৬৫০টির বেশি স্টল। উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক, মুদ্রণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য এ মেলা এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য আয়োজন হিসেবে পরিচিত।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মালয়েশিয়ার প্রোমাস আন্তর্জাতিক ব্যবসা সংগঠন ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এ মেলার উদ্বোধন করেন দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক সেরি আহমাদ মাসলান।

উদ্বোধনের পর তিনি অন্যান্য অতিথিদের নিয়ে বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ এবং অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা।

বাংলাদেশের প্রতিনিধিরা দেশটির প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের অগ্রগতি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা এবং রপ্তানি সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। পাশাপাশি মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্প্রসারণে সহযোগিতার আহ্বান জানান।

বাংলাদেশের প্যাভিলিয়নে আমান প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজ, ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড, ব্যাগস অ্যান্ড প্যাকস, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ কোম্পানি লিমিটেড, জিহান টয় ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক, দ্য মার্চেন্টস লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আকিজ বায়াক্স ফিল্মস, নর্থ প্যাক, অ্যাপোল প্রিন্ট প্যাক এবং সাথী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্লেক্সিবল প্যাকেজিং, গৃহস্থালি ও রান্নাঘরের সামগ্রী, প্লাস্টিক খেলনা এবং বিভিন্ন ধরনের শিল্পপণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় মালয়েশিয়া ও বিভিন্ন দেশের শিল্প উদ্যোক্তা, আমদানিকারক, সরবরাহকারী ও বিনিয়োগকারীরা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের প্লাস্টিক শিল্পের অগ্রগতির প্রশংসা করে মালয়েশিয়ার উপমন্ত্রী আহমাদ মাসলান বলেন, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।

এদিকে, মেলার পার্শ্ব আয়োজনে অনুষ্ঠিত প্লাস্টিক শিল্প বিনিয়োগ সংযোগ ফোরামে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। সেখানে বাংলাদেশের প্লাস্টিক শিল্পকে সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে তুলে ধরা হয়।

প্রতিনিধিদল আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়াসহ এ অঞ্চলের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তঃসীমান্ত শিল্প সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর জানায়, দেশের উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে নিয়মিতভাবে বিভিন্ন বাণিজ্য ও শিল্প প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি, নতুন রপ্তানি বাজার সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক