দূতাবাসের সতর্কবার্তা
অবৈধ পথে ইতালি গেলে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে
লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অনিয়মিত উপায়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত থেকেই ফেরত পাঠানো হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর হওয়ার পর ইতালি এ বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে।
দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের ইতালিতে অবস্থান বা কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে না। সীমান্ত পর্যায়েই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের মানবপাচারকারী ও দালালচক্রের নানা প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের মতে, অবৈধ অভিবাসনের জন্য অর্থ ব্যয় করা শুধু ঝুঁকিপূর্ণই নয়, এটি মানবপাচার চক্রের কার্যক্রমকেও উৎসাহিত করে।
বৈধ পথে ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে:
দূতাবাস জানিয়েছে, ইতালিতে বৈধভাবে কাজ, পড়াশোনা এবং পারিবারিক পুনর্মিলনের জন্য বিভিন্ন ধরনের ভিসা সুবিধা চালু রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য কর্মসংস্থানভিত্তিক ভিসা, শিক্ষার্থী ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আওতায় উল্লেখযোগ্য সংখ্যক অনুমোদন দেওয়া হয়েছে।
ইতালিতে যেতে আগ্রহীদের উদ্দেশে দূতাবাস বলেছে, নিরাপদ ও আইনসম্মত অভিবাসনের জন্য নির্ধারিত নিয়ম মেনে আবেদন করা উচিত। বৈধ প্রক্রিয়া অনুসরণ করলে ঝুঁকি কমার পাশাপাশি কর্মসংস্থান ও বসবাসের ক্ষেত্রে আইনগত সুরক্ষা এবং সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশগুলো বর্তমানে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর নীতি গ্রহণ করছে। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ বেছে নেওয়াই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায়।













