সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রবাসের হৃদয়ে এক টুকরো বাংলাদেশ: নিউইয়র্ক বাংলা বইমেলা শুধু উৎসব নয়, সাংস্কৃতিক প্রতিরোধ

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ২:৫৪ এম
প্রবাসের হৃদয়ে এক টুকরো বাংলাদেশ: নিউইয়র্ক বাংলা বইমেলা শুধু উৎসব নয়, সাংস্কৃতিক প্রতিরোধ

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের ভেতরে ঢুকতেই টের পাওয়া যাচ্ছিল, এটি কেবল কোনো বইমেলা নয়। চার দিনের এই আয়োজন যেন প্রবাসী বাঙালির আবেগ, স্মৃতি, শেকড় ও আত্মপরিচয়ের এক মহা-মিলনমেলা। বাইরে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া, দীর্ঘ পথযাত্রা কিংবা ব্যস্ত অভিবাসী জীবনের ক্লান্তি—কোনো কিছুই বাংলা ভাষার প্রতি প্রবাসীদের এই অদম্য টানকে থামাতে পারেনি “যত বই তত প্রাণ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে এবার সত্য হয়ে উঠেছিল ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রতিটি মুহূর্ত।উত্তরাধিকার হস্তান্তরের সাংস্কৃতিক বিদ্যালয়
​প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের শিশুদের কেউ যখন ক্যানভাসে রঙতুলিতে শহীদ মিনার আঁকছে, কেউ বা পরম মমতায় লিখছে বাংলা অক্ষর-তখনই স্পষ্ট হয়ে যায় এই মেলার মূল সার্থকতা। এটি কেবল বই কেনাবেচার জায়গা নয়; বরং নতুন প্রজন্মের কাছে বাঙালির গৌরবোজ্জ্বল উত্তরাধিকার হস্তান্তরের এক অনন্য সাংস্কৃতিক বিদ্যাপীঠ।
​

এবারের মেলার সবচেয়ে বড় শক্তি ছিল এর বহুমাত্রিক ও গুণীজনদের উপস্থিতি। মেলায় অংশ নেন প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান, সমাজবিজ্ঞানী রওনক জাহান, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, কবি সুবোধ সরকারসহ দুই বাংলার গবেষক, প্রকাশক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।
​

মঞ্চের আনুষ্ঠানিক আলোচনার বাইরেও বইয়ের স্টল, করিডোর কিংবা কফির টেবিলে দিনভর চলেছে সাহিত্য ও সমাজ নিয়ে গভীর আড্ডা আর বুদ্ধিবৃত্তিক বিতর্ক।
​অধ্যাপক রেহমান সোবহান তাঁর বক্তব্যে এক সুদূরপ্রসারী বার্তা দেন। তিনি বলেন, গত ৩৫ বছরে বাংলাদেশিরা আমেরিকায় দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে, আর আগামী ৩৫ বছরে তারা এ দেশের সমাজ-সংস্কৃতির এক অপরিহার্য অংশ হয়ে উঠবে। এই কথার ভেতরে শুধু ভবিষ্যৎ স্বপ্ন নয়, আছে প্রবাসী বাঙালির আত্মবিশ্বাসের জোরালো ঘোষণাও।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​অন্যদিকে, অধ্যাপক রওনক জাহান নতুন প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে যে উদ্বেগ ও ভাবনা প্রকাশ করেছেন, তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহার দীর্ঘ তিন দশকের নিরলস প্রচেষ্টায় ১৯৯২ সালে ছোট্ট পরিসরে শুরু হওয়া এই মেলা আজ উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাঙালি সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
​ভাষার নতুন ভূগোল ও তরুণদের অংশগ্রহণ
​

মেলায় সবচেয়ে আশাব্যঞ্জক দৃশ্য ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) থেকে শুরু করে সাহিত্য বিতর্ক, কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিংবা লেখক-পাঠক সংলাপ—সবখানেই নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
​একটি বিষয় এখন পরিষ্কার—বাংলা ভাষার ভবিষ্যৎ কেবল ঢাকা বা কলকাতায় নির্ধারিত হবে না। নিউইয়র্ক, টরন্টো, লন্ডন কিংবা মেলবোর্নেও তৈরি হচ্ছে বাংলা ভাষার নতুন ভূগোল। অভিবাসী জীবনে যেখানে ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, সেখানে এই বইমেলা হয়ে উঠেছে সাংস্কৃতিক স্মৃতির এক নিরাপদ আশ্রয়স্থল।
​কিছু কঠিন প্রশ্ন ও উত্তরের সন্ধান
​এই মেলা আমাদের কিছু বাস্তব ও কঠিন প্রশ্নের মুখোমুখিও দাঁড় করায়: বাংলা বইয়ের পাঠক কি কমছে?
​নতুন প্রজন্ম কি সত্যিই বাংলা বই পড়বে?
​আমাদের প্রকাশনা কি আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারছে?
​এই প্রশ্নগুলোর সমাধান লুকিয়ে আছে চার স্তরের কিছু জরুরি পদক্ষেপে:
​১. বিশ্বায়ন ও অনুবাদ: কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কথার সূত্র ধরে বলা যায়, বাংলা সাহিত্যের অসাধারণ ভাণ্ডারকে অনুবাদের মাধ্যমে বিশ্বপাঠকের কাছে দ্রুত পৌঁছাতে হবে।
২. ডিজিটালাইজেশন: ই-বুক, অডিওবুক এবং আন্তর্জাতিক অনলাইন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আওতায় বাংলা বইকে আরও সহজলভ্য করতে হবে।
৩. আকর্ষণীয় শিশুসাহিত্য: শিশু-কিশোরদের জন্য আধুনিক ও ভিজ্যুয়াল উপাদানে সমৃদ্ধ বইয়ের সংখ্যা বাড়াতে হবে।
৪. সমন্বিত উদ্যোগ: প্রবাসের বাংলা স্কুল, সাংস্কৃতিক সংগঠন এবং বইমেলাগুলোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি সমন্বয় গড়ে তুলতে হবে।
​নেপথ্যের কারিগর ও গণমাধ্যমের ভূমিকা
​এই বিশাল আয়োজনের নেপথ্যে যাঁরা নীরবে কাজ করেছেন, তাঁদের মধ্যে ‘প্রথম আলো উত্তর আমেরিকা’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকনের সম্পৃক্ততা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কেবল সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবেই নয়, প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিক চর্চাকে এগিয়ে নেওয়ার একজন নিবেদিত সংগঠক হিসেবেও তিনি মেলাজুড়ে সক্রিয় ছিলেন।
​নতুন বইয়ের আলোচনা, লেখক-পাঠক সংলাপ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের মতো আয়োজনে তাঁর আন্তরিক উপস্থিতি মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। ইব্রাহীম চৌধুরী খোকনের মতো নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মীরাই মূলত নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের সেতুবন্ধনটি তৈরি করছেন।একই সঙ্গে প্রবাসী সংবাদমাধ্যমগুলো কেবল খবর প্রকাশ করেই দায়িত্ব শেষ করেনি, তারা নিজেরাও এই সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় অংশীদার হয়ে উঠেছে।
​আলোর ফেরা
​চার দিনের বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির পর শেষ দিনের ঝলমলে রোদ যেন এক ইতিবাচক প্রতীক হয়ে উঠেছিল। সব প্রতিকূলতা পেরিয়ে এই রোদ জানান দিল—বাংলা ভাষা ও সংস্কৃতির আলো প্রবাসের মাটিতে কখনো নিভে যাবে না।
​প্রবাসের হৃদয়ে আবারও জেগে উঠেছিল এক টুকরো চেনা বাংলাদেশ। আর সেই রূপসী বাংলাদেশকে বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ারটি যে ‘বই’, মেলা শেষে সেই বিশ্বাসই আরও দৃঢ় হলো।
​

লেখক: কলাম লেখক ও গবেষক।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক