মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঘৃণা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:০৬ পিএম
ঘৃণা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশকে শান্তিপূর্ণ, উন্নত ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে ঘৃণা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনই সময় শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ জনগণের সামনে এসে মানবতা, ভালোবাসা এবং জাতিগত ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে সোচ্চার হওয়ার।

শনিবার ২৩ মে, কুয়ালালামপুরে মালয়েশিয়ান বৌদ্ধ পরামর্শ কাউন্সিল আয়োজিত ওয়েসাক দিবস উদযাপন ও “ওয়াচানা হারমোনি মাদানি” অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঘৃণা ও বিভেদের রাজনীতি যথেষ্ট হয়েছে। এখন সময় এসেছে মালয়েশিয়ার জনগণ বিবেক, ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, মালয়েশিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই বহু জাতি ও বহু ধর্মের সমন্বয়ে গড়ে উঠেছে। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে, যা “মালয়েশিয়া মাদানি” ধারণার অন্যতম ভিত্তি।

আনোয়ার ইব্রাহিম বলেন, “মাদানি” কেবল অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নৈতিকতা, মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষার আলোকে মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দেয়।

তিনি বলেন, আমরা উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি চাই। তবে একই সঙ্গে মানবিকতা, সহমর্মিতা, শ্রদ্ধা ও ভালোবাসার মূল্যবোধও ধরে রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সব ধর্মই মানুষকে কল্যাণ ও শান্তির শিক্ষা দেয়, ঘৃণা নয়। ইসলামে যেমন ‘রহমাহ’ ও ভালোবাসার শিক্ষা রয়েছে, তেমনি বৌদ্ধ ধর্মেও রয়েছে ‘মেত্তা’ ও ‘করুণা’র দর্শন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সময়ে সমাজে ঘৃণা ও বৈরিতাকেই বেশি উসকে দেওয়া হচ্ছে।

তিনি স্বীকার করেন, কিছু গোষ্ঠী জাতিগত ও ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সমাজে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে শান্তিপ্রিয় সংখ্যাগরিষ্ঠ জনগণের কণ্ঠস্বরকে কোনোভাবেই চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠীর কাছে হার মানতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালয়, চীনা, ভারতীয়, ইবান, কাদাজানসহ সব জাতিগোষ্ঠী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সফল দেশ চায়।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিনিয়োগ আকর্ষণ, শিক্ষার মানোন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবে। বৈশ্বিক ভূরাজনৈতিক সংকটের প্রভাব মোকাবিলায়ও সরকার জনগণকে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, একটি বড় মালয়েশিয়ান পরিবার হিসেবে আমরা কি সব অসহায় মানুষকে জাতি-ধর্ম নির্বিশেষে সাহায্য করতে পারি না?

এছাড়া, ওয়েসাক দিবস উদযাপন এবং আন্তধর্মীয় সম্প্রীতির বিভিন্ন কর্মসূচিতে সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শেষ দিকে তিনি বলেন, মালয়েশিয়ার জনগণ যদি শান্তি, সম্মান ও ভালোবাসার পথ বেছে নেয়, তবে দেশ অবশ্যই আরও সফলতার দিকে এগিয়ে যাবে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক