শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার বিদ্যুৎ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:০৯ পিএম
মালয়েশিয়ার বিদ্যুৎ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা

মালয়েশিয়ার জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তেনাগা ন্যাশনাল বেরহাদ (টিএনবি) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের বিদ্যুৎ গ্রিডকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করে তুলতে কাজ করছে। প্রতিষ্ঠানটির মতে, এআই এখন বিদ্যুৎ ব্যবস্থাপনায় “স্মার্ট জিপিএস” এর মতো কাজ করছে, যা বিদ্যুতের সঠিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি আগাম ঝুঁকি শনাক্ত করতেও সহায়তা করছে।

কুয়ালালামপুরে টিএনবির সদর দপ্তরে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান ডিজিটাল ও তথ্য কর্মকর্তা আজলান আহমাদ বলেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায় এআই মূলত বিদ্যুৎ গ্রিডকে “মস্তিষ্ক ও চোখ” দিচ্ছে, যা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ, পূর্বাভাস এবং সিস্টেম সুরক্ষায় কাজ করছে।

তিনি বলেন, “আগের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিল অনেকটা ম্যানুয়াল গাড়ির মতো, যেখানে চালককে প্রতিটি সিদ্ধান্ত নিজে নিতে হতো। কিন্তু এখন প্রতিদিন হাজার হাজার সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির চার্জার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আজলান আহমদের ভাষায়, এআই এখন “বিদ্যুতের আবহাওয়া পূর্বাভাসদাতা” হিসেবে কাজ করছে। এটি আগাম বিদ্যুতের চাহিদা অনুমান করতে পারে এবং সেই অনুযায়ী সিস্টেম প্রস্তুত রাখে।

তিনি আরও বলেন, এআই স্মার্ট জিপিএসের মতো বিদ্যুতের জন্য সবচেয়ে কার্যকর পথ নির্ধারণ করে দেয়, যাতে কোনো শক্তির অপচয় না হয়।

শুধু দক্ষতাই নয়, বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। তার মতে, এই প্রযুক্তি ২৪ ঘণ্টার নিরাপত্তাকর্মীর মতো কাজ করে, যা কেবল বা সরঞ্জামে সম্ভাব্য ত্রুটির আগাম সংকেত শনাক্ত করতে সক্ষম।

টিএনবির তথ্যমতে, বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে এআই ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের ধরণ শনাক্তকরণ, ভূগর্ভস্থ কেবলের পূর্বাভাসভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং মাঠপর্যায়ের নিরাপত্তা ও কাজের মান উন্নয়নে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার।

আজলান বলেন, “এটি বিদ্যুৎ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। আগে সমস্যা হওয়ার পর সমাধান করা হতো, এখন এআই ঝুঁকি আগে থেকেই শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করছে।”

তার মতে, এআই ইতোমধ্যে বিদ্যুৎ নেটওয়ার্কে চাপের লক্ষণ আগেভাগে শনাক্ত করতে পারছে, যা বড় ধরনের বিভ্রাট প্রতিরোধে সহায়ক হচ্ছে। পাশাপাশি প্রকৌশলীরা পুনরাবৃত্ত ত্রুটি আরও দ্রুত চিহ্নিত করতে পারছেন।

তিনি বলেন, “সব মিলিয়ে এআই বিদ্যুৎ ব্যবস্থাকে আরও কার্যকর, স্থিতিশীল ও দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলছে।”

এছাড়া নির্ধারিত সময়ের ভিত্তিতে নয়, বরং যন্ত্রপাতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করে কোন সরঞ্জামের রক্ষণাবেক্ষণ প্রয়োজন তা নির্ধারণেও এআই সহায়তা করছে। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

আঞ্চলিক পর্যায়েও এই ডিজিটাল অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে টিএনবি। বিশেষ করে ভবিষ্যতের আসিয়ান পাওয়ার গ্রিড উদ্যোগ বাস্তবায়নে এটি সহায়ক হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো আসিয়ান অঞ্চলে নিরাপদ আন্তঃসীমান্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

আজলান আহমদ বলেন, উন্নত তথ্যব্যবস্থা ও সিস্টেম পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতে নিরাপদ আন্তঃদেশীয় বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করার সক্ষমতা আরও বাড়বে।

তিনি জানান, জ্বালানি খাতে এআইয়ের বাড়তে থাকা ভূমিকা আগামী এনার্জি ট্রানজিশন কনফারেন্স ২০২৬ (ইটি-কন ২০২৬) সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে। টিএনবি এই সম্মেলনকে প্রযুক্তিগত উদ্ভাবন ও মালয়েশিয়ার জ্বালানি রূপান্তর পরিকল্পনার মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে।

আজলান বলেন, ২০২৩ সালের সম্মেলনে জাতীয় জ্বালানি রূপান্তর রোডম্যাপ (এনইটিআর) ঘোষণা করা হয়েছিল, যা ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে মালয়েশিয়ার অঙ্গীকারকে আরও জোরদার করে।

তিনি জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো “এনার্জি অ্যান্ড এআই: দ্য সিনার্জি ফর এনার্জি ট্রানজিশন”। এতে তিনটি মূল বিষয় গুরুত্ব পাবে— “এনার্জি ফর এআই”, “এআই ফর এনার্জি” এবং “এনার্জি ট্রানজিশন ফর পিপল”।

তার ভাষায়, “এনার্জি ফর এআই” এর লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে ডিজিটাল বিশ্বকে সহায়তা করা। “এআই ফর এনার্জি” বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করে তুলবে। আর “এনার্জি ট্রানজিশন ফর পিপল” নিশ্চিত করবে, যাতে জ্বালানি রূপান্তরের সুফল সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।

আগামী ৩ থেকে ৫ জুন পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হবে ইটি-কন ২০২৬। সম্মেলনের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক