শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় মাপিম–ইস্তানবুল রিসোর্ট বৈঠক

বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৩৪ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ

বাংলাদেশে হালাল ট্যুরিজম ও মুসলিম-ফ্রেন্ডলি হসপিটালিটি খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার ইসলামিক সংগঠন মাপিম এবং ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর নেতারা।

১৭ মে রোববার মালয়েশিয়ায় মাপিমের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় হালাল ট্যুরিজম, মুসলিম-ফ্রেন্ডলি হসপিটালিটি, হালাল ফুড এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল পর্যটন শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় মাপিমের প্রেসিডেন্ট তুয়ান হাজি মোহদ আজমি বিন আবদ হামিদ এর সঙ্গে বৈঠক করেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী (এমপি), ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আলোচনায় উভয় পক্ষ বৈশ্বিক হালাল অর্থনীতির ক্রমবর্ধমান গুরুত্ব এবং মুসলিম পর্যটকদের জন্য নিরাপদ, মানসম্মত ও ধর্মীয় মূল্যবোধসম্মত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত অঞ্চল কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে মাপিম প্রেসিডেন্ট তুয়ান হাজি মোহদ আজমি বিন আবদ হামিদ বলেন, বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলিম-ফ্রেন্ডলি সেবা ও অবকাঠামোর চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ারিং এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই খাতে কার্যকর সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও বলা হয়, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মুসলিম-ফ্রেন্ডলি হোটেল, রিসোর্ট ও হালাল খাদ্য ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মনে করে, আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে এ ধরনের সম্পর্ক ও সহযোগিতা বাংলাদেশের পর্যটন শিল্প, হালাল অর্থনীতি এবং মুসলিম-ফ্রেন্ডলি হসপিটালিটি সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় ও অংশীদারিত্বের মাধ্যমে দেশের পর্যটন খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও কার্যকর সহযোগিতার মাধ্যমে হালাল ট্যুরিজম শিল্পের বিকাশে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক