মালয়েশিয়ায় ২৭ মে পবিত্র ঈদুল আজহা
মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির মাজলিস রাজা-রাজার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ‘অ্যাস্ট্রো আওয়ানি’ জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে কাল সোমবার, ১৮ মে। সেই হিসেবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
মাজলিস রাজা-রাজার ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালউদ্দিন জাতীয় সম্প্রচারমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এদিকে, ঘোষণার আগেই দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তারা।












