মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে ১০০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:১৯ পিএম
মালয়েশিয়ায় কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে ১০০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) দেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে ১০০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দের নতুন জাতীয় উদ্যোগ “প্রগ্রেসিভ অ্যাকসেলারেশন ফর ক্যাপাবিলিটি অ্যান্ড এমপ্লয়াবিলিটি (পেইস)” চালু করতে যাচ্ছে।

১৭ মে রবিবার, মানবসম্পদমন্ত্রী আর রামানান এক বিবৃতিতে বলেন, মানবসম্পদ উন্নয়ন করপোরেশন (এইচআরডি কর্প) এর মাধ্যমে বাস্তবায়িত এই উদ্যোগটি বর্তমান ও ভবিষ্যৎ শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের কৌশলগত পদক্ষেপের অংশ। একই সঙ্গে এটি বৈশ্বিক পর্যায়ে মালয়েশিয়ার প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

তিনি জানান, প্রতিভা বিকাশ, দক্ষতা প্রশিক্ষণ, কর্মশক্তির রূপান্তর এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে পেইস কর্মসূচি ব্যাপকভাবে পরিকল্পনা করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রামানান বলেন, পেইস শুধু একটি সাধারণ প্রশিক্ষণ কর্মসূচি নয়; এটি ভবিষ্যতের জন্য আরও সহনশীল, উচ্চ দক্ষতাসম্পন্ন এবং প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর নতুন অর্থনীতির চাহিদা মোকাবিলায় সক্ষম কর্মশক্তি গড়ে তুলতে সরকারের একটি বড় বিনিয়োগ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর পূর্ণ সমর্থনে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা ‘মালয়েশিয়া মাদানি’ ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হলো মানবসম্পদ উন্নয়নকে শক্তিশালী করা এবং মানসম্পন্ন কর্মসংস্থানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করা।

পেইসের আওতায় ১০টি কৌশলগত কর্মসূচি চালু করা হবে। এর মধ্যে রয়েছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি), তরুণদের প্রতিভা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির রূপান্তর, স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক উন্নয়ন, গিগ কর্মীদের কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক কমিউনিটির উন্নয়ন।

রামানান বলেন, পেইসের অধীনে নেওয়া প্রতিটি উদ্যোগ যেন জনগণ ও দেশের অর্থনীতিতে স্পষ্ট ও পরিমাপযোগ্য প্রভাব ফেলে, সেজন্য লক্ষ্যভিত্তিক বিনিয়োগে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতের পরিবর্তিত কর্মসংস্থানের পরিবেশ মোকাবিলায় আরও উৎপাদনশীল, উদ্ভাবনী এবং প্রস্তুত কর্মশক্তি তৈরি করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

রামানান আরও বলেন, মানবসম্পদ উন্নয়নই একটি প্রতিযোগিতামূলক ও টেকসই উচ্চ আয়ের দেশ হিসেবে মালয়েশিয়ার অগ্রযাত্রার মূল ভিত্তি।

তিনি বলেন, মাদানি সরকার প্রতিশ্রুতিবদ্ধ যাতে দেশের উন্নয়নের যাত্রায় কোনো জনগোষ্ঠী পিছিয়ে না থাকে। পেইসের মাধ্যমে আমরা মানুষের দক্ষতা বৃদ্ধি, আয় শক্তিশালীকরণ এবং তাদের পরিবারগুলোর জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে চাই।

মানবসম্পদ মন্ত্রণালয়ের বিশ্বাস, পেইস কর্মসূচি জাতীয় কর্মশক্তির রূপান্তরে অনুঘটক হিসেবে কাজ করবে এবং প্রতিভা ও দক্ষতার আঞ্চলিক কেন্দ্র হিসেবে মালয়েশিয়ার অবস্থান আরও সুদৃঢ় করবে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক