সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কিশোর উদ্যোক্তাদের স্বপ্নপূরণে ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩২ পিএম
কিশোর উদ্যোক্তাদের স্বপ্নপূরণে ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’

দেশের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী চিন্তাধারার কিশোর-কিশোরীদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন “জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান” শুরু হয়েছে। কিডলোনের উপস্থাপনায় এ আয়োজন করছে টুইম্বল, ইয়ুথ হাব এবং টিন্স সেভার বাংলাদেশ।

আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা, সৃজনশীল চিন্তাকে উৎসাহ দেওয়া এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক দক্ষতা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তের ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও বিজনেস আইডিয়াসম্পন্ন তরুণ-তরুণীরা এতে অংশ নিতে পারবে।

বর্তমানে প্রতিযোগিতার জন্য অফিসিয়াল www.juniorstartupchallenge.com ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন চলছে। আগ্রহীরা নিজেদের ব্যবসায়িক ধারণা, উদ্ভাবনী প্রকল্প কিংবা স্টার্টআপ পরিকল্পনা জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরি থেকে বাছাই করে সেরা ২০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের জন্য থাকছে বিশেষ মেন্টরিং সেশন, উদ্যোক্তা উন্নয়নমূলক বুটক্যাম্প, ব্যবসায়িক গাইডলাইন, নগদ পুরস্কার এবং সম্ভাব্য বিনিয়োগ পাওয়ার সুযোগ।

এছাড়াও প্রতিযোগীদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প ও তাদের উদ্যোগকে তুলে ধরতে বিশেষ শুটিং এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে তরুণদের উদ্ভাবনী কাজ বৃহত্তর পরিসরে পরিচিতি পাবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে তরুণদের মধ্যে প্রযুক্তিনির্ভর উদ্যোগ, সামাজিক ব্যবসা এবং সৃজনশীল স্টার্টআপের প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতার অভাবে এসব উদ্যোগ সামনে এগোতে পারে না। “জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান” সেই সুযোগ তৈরি করবে, যেখানে নতুন উদ্যোক্তারা অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে বাস্তবভিত্তিক পরামর্শ ও প্রশিক্ষণ নিতে পারবে।

মে থেকে জুলাই মাসজুড়ে চলবে এ আয়োজন। পুরো কর্মসূচিতে থাকবে আইডিয়া মূল্যায়ন, প্রশিক্ষণ, উপস্থাপনা এবং চূড়ান্ত প্রতিযোগিতা পর্ব। আয়োজকরা আশা করছেন, এই প্ল্যাটফর্ম থেকে ভবিষ্যতের সফল উদ্যোক্তা ও উদ্ভাবকেরা উঠে আসবে।

তারা আরও জানান, শুধু প্রতিযোগিতা নয়, বরং তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরিতেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগও পাবে।

নতুন প্রজন্মের সৃজনশীল চিন্তাকে বাস্তব উদ্যোক্তা উদ্যোগে রূপ দিতে “জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান” ইতোমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী তরুণ তৈরি করতে সহায়ক হবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক