এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৯
সারাদেশে নবম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
আজ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে রসায়ন-২ পরীক্ষা নেওয়া হয়েছে।
আজকের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর। তবে পরীক্ষায় অংশ নেয় ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।
বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী,
- ঢাকা বোর্ডে ৩ লাখ ৫ হাজার ১৫২ জনের মধ্যে অংশ নেয় ৩ লাখ ১ হাজার ৬৫১ জন; অনুপস্থিত ৩ হাজার ৫০১ জন।
- রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৮ জন।
- কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩০৬ জন।
- যশোর বোর্ডে ১ হাজার ৬২৮ জন।
- চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২১৩ জন।
- সিলেট বোর্ডে ৭৯৮ জন।
- বরিশাল বোর্ডে ১ হাজার ৩৫৯ জন।
- দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩৬৩ জন।
- ময়মনসিংহ বোর্ডে ৯৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সবচেয়ে বেশি অনুপস্থিতি দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন পরীক্ষায় অংশ নেয়নি, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৪১ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ২২ শতাংশ।
এদিকে অসদুপায় অবলম্বনের অভিযোগে আজ সারাদেশে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে—
- মাদ্রাসা বোর্ডে ৩ জন
- ঢাকা বোর্ডে ২ জন
- যশোর বোর্ডে ২ জন
- সিলেট বোর্ডে ১ জন
- কারিগরি বোর্ডে ১ জন
তবে কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের নয়টি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।













