ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরে চালানো এক হামলায় অন্তত সাতজন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একটি মেয়ে শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন, যাদের মধ্যে তিনটি শিশুও আছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারি ব্যবহারের কথাও জানিয়েছে আইডিএফ।
গত ১৬ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামেনি। ইসরায়েল ধারাবাহিকভাবে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব অভিযানের লক্ষ্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যরা।
শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার খবর জানিয়েছে।
এদিকে নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত হন এবং তার ১২ বছর বয়সী মেয়ে আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার পর সরে যাওয়ার সময় আবারও ড্রোন হামলা চালানো হয়, যাতে বাবা নিহত হন। পরে তৃতীয় দফায় মেয়েটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। বর্তমানে শিশুটির অস্ত্রোপচার চলছে।
অন্যদিকে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এতে তিনজন সেনা আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক নাগরিক, সে তথ্য আলাদাভাবে প্রকাশ করা হয়নি।
সীমান্তঘেঁষা লেবাননের কিছু এলাকা এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েল বলছে, উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় “হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা বলয়” গড়তেই এসব অভিযান চালানো হচ্ছে।
২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপরও প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। গত ২ মার্চ হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর নতুন করে উত্তেজনা বাড়ে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় মোট ২ হাজার ৭৯৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ১৭ সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উত্তর ইসরায়েলেও নিহত হয়েছেন আরও দুই বেসামরিক ব্যক্তি।













