শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বৃষ্টিভেজা রাতে সম্প্রীতির মিলনমেলা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ২:০৫ পিএম
মালয়েশিয়ায় বৃষ্টিভেজা রাতে সম্প্রীতির মিলনমেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে অনুষ্ঠিত হলো “কুরআনিক মাদানি: নাইট রিসেট – বারসাতু দালাম সাফ” অনুষ্ঠান। শুক্রবার ৮ এপ্রিল,বৃষ্টিভেজা রাতেও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে পরিণত করে এক ব্যতিক্রমধর্মী ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক মিলনমেলায়।

মাত্র কয়েকদিন আগেই একই স্থানে ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল “ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল”, যেখানে ছিল নাচ-গান ও বিনোদনের আয়োজন। আর এবার সেই বুকিত বিনতাংই পরিণত হলো জিকির, সালাওয়াত, মুনাজাত ও ভালোবাসার বার্তায় মুখর এক আধ্যাত্মিক পরিবেশে। আয়োজকরা বলছেন, এই পরিবর্তনই প্রমাণ করে মালয়েশিয়া বহুমাত্রিক সংস্কৃতির দেশ হলেও ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান। তিনি বলেন, “কুরআনিক মাদানি” কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি মানুষের মাঝে ভালোবাসা, শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি সামাজিক উদ্যোগ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, “আমরা এমন একটি সার্বজনীন বার্তা পৌঁছে দিতে চাই, যা ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। মালয়েশিয়ার জনগণ বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির হলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

মন্ত্রী আরও জানান, জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণের কারণে ভবিষ্যতে “কুরআনিক মাদানি” কর্মসূচি দেশজুড়ে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। তার মতে, এ ধরনের আয়োজন সমাজে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে আমরা ভালোবাসা ও মানবিকতার সংস্কৃতি গড়ে তুলতে চাই। সালাম বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও পারিবারিক বন্ধন আমাদের সমাজকে আরও শক্তিশালী করতে পারে।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সালাম ছড়িয়ে দিন” প্রচারণা। এর মাধ্যমে সমাজে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, সৌহার্দ্য বৃদ্ধি এবং মানুষের মধ্যে সম্মানবোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ভারী বর্ষণের মধ্যেও বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে আধ্যাত্মিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

অনেক অংশগ্রহণকারী জানান, নগরজীবনের ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যে এ ধরনের আয়োজন মানুষকে মানসিক প্রশান্তি দেয়। পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় হয়। বুকিত বিনতাংয়ের মতো আন্তর্জাতিক পর্যটন এলাকায় এ আয়োজনের ফলে বিদেশি পর্যটকদের কাছেও ইসলামের শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হয়েছে।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া বর্তমানে “মাদানি” ধারণাকে রাষ্ট্রীয় উন্নয়ন দর্শনের অংশ হিসেবে তুলে ধরছে। সেই ধারাবাহিকতায় “কুরআনিক মাদানি” কর্মসূচি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য জোরদারের একটি কার্যকর উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

তারা মনে করেন, বর্তমান বিশ্বে ধর্মীয় অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজনের নানা চ্যালেঞ্জের মধ্যে মালয়েশিয়ার এ ধরনের আয়োজন আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক বার্তা দিচ্ছে। কারণ এখানে ধর্মীয় অনুষ্ঠানকে কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির সঙ্গে যুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষকে শুধু ধর্মীয় অনুশাসনই দেয় না, বরং ন্যায়বিচার, দয়া, সহমর্মিতা ও মানবিকতার দিকনির্দেশনাও প্রদান করে। তাই সমাজে শান্তি প্রতিষ্ঠায় কুরআনের মূল্যবোধকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

“কুরআনিক মাদানি” কর্মসূচি মূলত জনগণকে কুরআনের শিক্ষার সঙ্গে আরও ঘনিষ্ঠ করা এবং দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করার উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি মালয়েশিয়ায় উন্মুক্ত, ইতিবাচক ও আধুনিক দাওয়াহ কার্যক্রমের একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

আয়োজকদের আশা, ভবিষ্যতে দেশের বিভিন্ন রাজ্য ও গুরুত্বপূর্ণ শহরে আরও বড় পরিসরে এই কর্মসূচি আয়োজন করা হবে। এর মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং মালয়েশিয়া একটি সহনশীল ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে আরও উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হবে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক