শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুয়ালালামপুরে সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬ উদ্বোধন: বৈশ্বিক সাপ্লাই চেইনে দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান গুরুত্ব

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৩৭ এম
কুয়ালালামপুরে সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬ উদ্বোধন: বৈশ্বিক সাপ্লাই চেইনে দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান গুরুত্ব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬। মঙ্গলবার (৫ মে) মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (মাইটেক)-এ তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি।

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতের নীতিনির্ধারক, উৎপাদক, সরবরাহকারী, গবেষক, বিনিয়োগকারী ও উদীয়মান প্রযুক্তি প্রতিভাদের একত্রিত করেছে এই আয়োজন। ট্রান্সফর্ম টুমরো (ভবিষ্যৎকে বদলে দাও) প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে ২০ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (মাইডা)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল ইব্রাহিম শেখ আব্দুল মাজিদএবং বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা। পাশাপাশি সেমি -এর নেতৃত্বও এতে অংশ নেয়।

মাইডা এর প্রধান নির্বাহী ডাতুক শেখ শামসুল ইব্রাহিম বলেন, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং মালয়েশিয়া শুধু এই প্রবণতার সুবিধাভোগী নয়, বরং ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে চায়। তিনি জানান, নিউ ইন্ডাস্ট্রিয়াল মাস্টার প্ল্যান ২০৩০ (এনআইএমপি ২০৩০)-এর আওতায় দেশটি অ্যাসেম্বলি ও টেস্টিং থেকে এগিয়ে ডিজাইন, উন্নত প্যাকেজিং এবং উদ্ভাবননির্ভর উৎপাদনে জোর দিচ্ছে।

তার ভাষায়, ২০২৫ সালে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স (ই অ্যান্ড ই) খাতে ২৮.৫ বিলিয়ন রিঙ্গিত বিনিয়োগ নিশ্চিত হওয়া মালয়েশিয়ার প্রতি বৈশ্বিক আস্থার প্রমাণ। এখন লক্ষ্য হচ্ছে শক্তিশালী সাপ্লাই চেইন, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমূল্যের অংশীদারিত্ব গড়ে তোলা।

সেমির প্রেসিডেন্ট ও সিইও অজিত মনোচা বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নকশা, উৎপাদন, উপকরণ ও সরবরাহ ব্যবস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেমিকন সাউথইস্ট এশিয়া এই সমন্বয় সাধনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং এবং উন্নত ইলেকট্রনিক্সের চাহিদা বৃদ্ধির ফলে অঞ্চলভিত্তিক সহযোগিতা ও সক্ষমতা সমন্বয় অপরিহার্য হয়ে উঠেছে।

 

তিনদিনের এই আয়োজনে উৎপাদন সম্প্রসারণ, অ্যাডভান্সড প্যাকেজিং, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া এক্সিকিউটিভ লিডারশিপ সামিট, মাইডা স্ট্র্যাটেজিক সেমিকন্ডাক্টর ফোরাম, সাসটেইনেবিলিটি অ্যান্ড এনার্জি সামিট, টেকজুমারস চ্যালেঞ্জ ও ট্যালেন্টকানেক্টসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

মাইডা ও সেমি-এর মধ্যে ১২ বছরের অংশীদারিত্ব এই অনুষ্ঠানের মাধ্যমে আরও জোরদার হয়েছে। এই অংশীদারিত্ব তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ইকোসিস্টেম সমন্বয়, শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন।

বাংলাদেশের অংশগ্রহণ:

এবারের আয়োজনে বাংলাদেশও নিজেদের সেমিকন্ডাক্টর সক্ষমতা তুলে ধরছে। বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে মাইটেক-এর হল-৫, বুথ নম্বর ৩১৫৪-এ ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এ অংশ নিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)।

বিএসআইএ-এর সঙ্গে অংশগ্রহণ করছে দেশের তিনটি শীর্ষ চিপ ডিজাইন প্রতিষ্ঠান—নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইমসিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেড।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত এগিয়ে যাচ্ছে। জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্সের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার রপ্তানি এবং ১০ হাজার চিপ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিবছর ২০ হাজারের বেশি সিএসই ও ইইই স্নাতক, ৭০০-এর বেশি চিপ ডিজাইনার এবং তুলনামূলক কম শ্রম ব্যয় বাংলাদেশকে সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চিপ ডিজাইন, প্রশিক্ষণ, গবেষণা ও আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট খাতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

৫ থেকে ৭ মে পর্যন্ত চলা এই আন্তর্জাতিক আয়োজনটি এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার অংশগ্রহণে সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। সেমিকন সাউথইস্ট এশিয়া কেবল প্রযুক্তি প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার এবং ভবিষ্যৎ শিল্প কাঠামো গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক