শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার সান্দাকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ২০০ ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত শত শত পরিবার

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম
মালয়েশিয়ার সান্দাকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ২০০ ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত শত শত পরিবার

মালয়েশিয়ার সান্দাকানের কামপুং বাহাগিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানির ওপর নির্মিত প্রায় ২০০টি অস্থায়ী বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় শত শত বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, রাত ১টা ৩২ মিনিটে জরুরি কল পাওয়ার পর মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সান্দাকান জোনের অপারেশন কমান্ডার জাসরি আব জাল জানান, প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে থাকা বসতিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে সান্দাকান ও কিনাবাতাঙ্গান ফায়ার স্টেশন থেকে ৩৫ জন দমকল কর্মী অংশ নেন। তাদের সঙ্গে সহায়তা করে সাবাহ বিদ্যুৎ সংস্থা এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স বাহিনী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

দমকল বাহিনী জানায়, সরু পথের কারণে ঘটনাস্থলে প্রবেশে সমস্যা হয়। ভাটার সময় খোলা পানির উৎস পাওয়া কঠিন হয়ে পড়ে। প্রবল বাতাস ও ঘনবসতিপূর্ণ ঘরবাড়ির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ট্যাংকার লরি এবং পাশের একটি কারখানার উচ্চচাপের পানির উৎস ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং দমকলের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, বার্নামা সংবাদ জানিয়েছে, সান্দাকান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ওয়ালটার কেনসন ঘটনাটিকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য রবিবার সকাল ৭টা থেকে বাটু সাপি এলাকায় অবস্থিত পিপিআর হল-এ অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে ৮৯টি পরিবারের মোট ৪৪৫ জন আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার ঘরবাড়ি এখন আর বসবাসের উপযোগী নেই।

এ ঘটনায় কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সমন্বয় করছে। উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছেন, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি জানান, কেন্দ্রীয় সরকার সাবাহ রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং অস্থায়ী আশ্রয়, খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শত শত পরিবারের ঘরবাড়ি হারানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি একটি কঠিন মানবিক পরিস্থিতি।

এছাড়া তার দল স্থানীয় পর্যায়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে। তারা আশ্রয়কেন্দ্রে নিবন্ধনসহ প্রাথমিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সান্দাকান জেলা পুলিশ প্রধান জর্জ আব্দ রাকমান জানান, রাত ১টা ৩০ মিনিটে তারা ঘটনার খবর পান এবং সকাল ৪টার দিকে এলাকাটিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য মৌলিক সহায়তা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা দ্রুত সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্গতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া।

তিনি জানান, ফেডারেল সরকার সাবাহ রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, শত শত ঘরবাড়ি ধ্বংসের খবর পেয়ে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা এবং দ্রুত সহায়তা প্রদান।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক