মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুয়ালালামপুরে এআরএফের ১৮তম বৈঠক: আঞ্চলিক নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতায় নতুন দিকনির্দেশনা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪২ পিএম
কুয়ালালামপুরে এআরএফের ১৮তম বৈঠক: আঞ্চলিক নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতায় নতুন দিকনির্দেশনা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের ১৮তম বৈঠক। বৈঠকের আগের দিন সংঘাত প্রতিরোধ বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়, যা মূল বৈঠকের আলোচনাকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে এআরএফভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আসিয়ান রাজনৈতিক-নিরাপত্তা কমিউনিটির উপ-মহাসচিব অংশগ্রহণ করেন। আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক সমন্বয় এবং বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে এখানে গভীর আলোচনা হয়।

বৈঠকটি মূলত একটি উন্মুক্ত সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে অংশগ্রহণকারীরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং সমাধান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষজ্ঞরা জোর দেন যে, বর্তমান বিশ্বব্যবস্থায় একক উদ্যোগের চেয়ে বহুপাক্ষিক সহযোগিতা অনেক বেশি কার্যকর। এ প্রেক্ষাপটে এআরএফ-এর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বৈঠকের আগে অনুষ্ঠিত কর্মশালায় সংঘাত প্রতিরোধ (কনফ্লিক্ট প্রিভেনশন) বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, সংঘাতের পর সমাধানের চেয়ে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই অধিক কার্যকর ও টেকসই। এই ধারণাকে সামনে রেখে ভবিষ্যতে এআরএফের কার্যক্রমে প্রতিরোধমূলক কৌশল অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

বৈঠকে বহুপাক্ষিকতা (মাল্টিল্যাটারালিজম) জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য এমন মত দেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, এআরএফ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সদস্য দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে সহায়তা করে।

এআরএফের প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা

আলোচনায় এআরএফ-এর কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা মনে করেন, দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশে এআরএফকে আরও গতিশীল ও কার্যকর হতে হবে। এর জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত সংলাপ এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ, সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্র সংঘাতসহ বিভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য বিনিময়, আস্থা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এআরএফকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সংলাপের পরিধি বৃদ্ধি, বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতা জোরদার এবং নতুন নিরাপত্তা ইস্যুতে যৌথ গবেষণা ও উদ্যোগ গ্রহণ।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই বৈঠক আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করেনি, বরং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের ভিত্তিও গড়ে দিয়েছে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক