মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জ্বালানি তেলের পাহারায় ৮০ টি বর্ডারে পুলিশ মোতায়েন করছে মালয়েশিয়া 

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ পিএম
জ্বালানি তেলের পাহারায় ৮০ টি বর্ডারে পুলিশ মোতায়েন করছে মালয়েশিয়া 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি পাচার রোধে মালয়েশিয়ার সীমান্তবর্তী ৮০টিরও বেশি পেট্রোল স্টেশনে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মালয়েশিয়ার রাস্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পাচারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহদ খালিদ ইসমাইলকে নির্দেশ দিয়ে বলেছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় পুলিশ সদস্য মোতায়েনের জন্য, যাতে পেট্রোল স্টেশনগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করা যায়।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তবর্তী পেট্রোল স্টেশনগুলোতে পুলিশের উপস্থিতি স্থায়ী নয়। বর্তমান সংকট পরিস্থিতি কেটে গেলে এ ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে। শনিবার ১১ এপ্রিল, তিনি পদাং বেসারে ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা (আইসিকিউএস) কমপ্লেক্স পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি আরও বলেছেন, মন্ত্রিসভার নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশসহ অন্যান্য সংস্থার সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়।

বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছিলেন, সীমান্তবর্তী পেট্রোল স্টেশনগুলোতে একাধিক গ্রেপ্তার অভিযানের তথ্য পর্যালোচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব তথ্য দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএন) মন্ত্রিসভায় উপস্থাপন করে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ নজরদারি কার্যক্রমে পুলিশের অংশগ্রহণ তাদের নিয়মিত দায়িত্ব মাদক, ট্রাফিক ও বাণিজ্যিক অপরাধ দমনকে প্রভাবিত করবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে জ্বালানি ও অন্যান্য নিয়ন্ত্রিত পণ্যের পাচার রোধে প্রস্তুতি আরও জোরদার করবে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কেদাহ, পারলিস ও পেরাকসহ জেনারেল অপারেশন ফোর্সের নর্দান ব্রিগেডের আওতাধীন এলাকায় জ্বালানি ও অন্যান্য নিয়ন্ত্রিত পণ্য পাচারের মোট ৭৩৫টি মামলা রেকর্ড করা হয়েছে, যার জব্দকৃত পণ্যের মূল্য ২.৮১ বিলিয়ন রিঙ্গিত। এছাড়া এসব ঘটনায় মোট ১ হাজার ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় মোট ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা ও তাৎক্ষণিক ভিডিও ধারণের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি দৃশ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, কাভার্ড ভ্যানেও অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম
কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, কাভার্ড ভ্যানেও অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানেও আগুন লেগেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসটির মালিক ময়মনসিংহ সদরের সজল মিয়া বলে জানা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটির মালিকও সজল মিয়া।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দা জামাল মিয়া জানান, বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল।

অন্যদিকে, রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটিতে আগুন লাগার ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে একই ব্যক্তির দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ এবং পৃথক স্থানে কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, বকেয়া ২২৬ কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম
ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, বকেয়া ২২৬ কোটি টাকা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সংকটে পড়েছে। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান হারানোর ঘটনায় তার ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, অনন্ত জলিলের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েও সফল হননি তিনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও কাজে আসেনি।

এর মধ্যে ঋণের টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির কাছে এবি অ্যাপারেলস লিমিটেডের বকেয়া রয়েছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নিজের ব্যবসায়িক সংকট নিয়ে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে ওই ঋণের সুদ বাড়তে থাকায় দেনার পরিমাণও বেড়েছে। বৈশ্বিক মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকে এ সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সংকট থেকে উদ্ধার করতে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত জলিল। একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে এসব উদ্যোগ থেকে প্রত্যাশিত সাড়া পাননি তিনি।

চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। বর্তমানে ব্যবসায়িক সংকট ও ঋণের বোঝা সামাল দেওয়াই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক