শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ঈদ উৎসবে ডিজিটাল প্রতারণায় ক্ষতি ৭৬% বেড়ে ২.৭ বিলিয়ন রিঙ্গিত

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:১৯ পিএম
মালয়েশিয়ায় ঈদ উৎসবে ডিজিটাল প্রতারণায় ক্ষতি ৭৬% বেড়ে ২.৭ বিলিয়ন রিঙ্গিত

মালয়েশিযায় ২০২৫ সালে প্রতারণা-সংক্রান্ত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২.৭ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় ৭৬ শতাংশ বেশি। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেট মালয়েশিয়ার তথ্যমতে, উৎসবকাল বিশেষ করে হারি রায়া (ঈদ) ঘিরে এই ধরনের প্রতারণা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার কেভিন ওং জানান, ফিশিং প্রচারণা, ভুয়া ই-কমার্স প্ল্যাটফর্ম এবং প্রতারণামূলক পেমেন্ট লিংকের মাধ্যমেই অধিকাংশ জালিয়াতি সংঘটিত হচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে ই-ডুইট রায়া (ডিজিটাল সালামি) সাইবার অপরাধীরা কিউআর কোড ও পেমেন্ট চ্যানেলকে কাজে লাগিয়ে লেনদেন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ওং আরও বলেন, উৎসবকাল শুধু ভোক্তাদের জন্যই ঝুঁকিপূর্ণ নয়; এটি ব্যবসা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্যও হুমকি বাড়ায়। এ সময় লেনদেনের পরিমাণ ও ডিজিটাল কার্যক্রম বেড়ে যাওয়ায় আক্রমণের ক্ষেত্রও বিস্তৃত হয়। পাশাপাশি ছুটির কারণে কর্মীসংখ্যা কম থাকা বা কার্যক্রমে পরিবর্তন আসায় প্রতিক্রিয়া দিতে দেরি হয়, ফলে প্রতিষ্ঠানগুলো আরও ঝুঁকিতে পড়ে।

তিনি উল্লেখ করেন, সাইবার নাইন নাইন নাইন ইনসিডেন্ট রেসপন্স সেন্টার ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ২,০২০টি ঘটনার রেকর্ড করেছে, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ছিল ফিশিং ও অনলাইন প্রতারণা।

ওং বলেন, এই পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনে উৎসবকালকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘বিরতির সময়’ হিসেবে দেখা উচিত নয়। তাই সার্বক্ষণিক নজরদারি, কর্মীদের সচেতনতা এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনসহ শক্তিশালী পরিচয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত জরুরি।

তিনি ভোক্তাদের জন্য কিছু সতর্কতার কথাও জানান: শুধুমাত্র নিরাপদ (এইচটিটিপিএস) সংযোগযুক্ত যাচাইকৃত ওয়েবসাইটে কেনাকাটা করা, অচেনা বার্তা বা অবিশ্বাস্য অফারের লিংকে ক্লিক না করা, প্রতারণা সুরক্ষা সুবিধাসহ নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, কখনোই ওয়ান-টাইম পাসওয়ার্ড (অটিপি) বা ব্যাংকিং তথ্য শেয়ার না করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলা।

ওং জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোর উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যাতে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত হুমকি শনাক্ত ও মোকাবিলা করা যায়।

তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থার জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে একটি সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কিং ও নিরাপত্তা একত্রিত করলে দৃশ্যমানতা বাড়ে, দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যায় এবং জটিলতা কমে।

দক্ষ জনবলের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গবেষণায় দেখা গেছে মালয়েশিয়ার ৯৮ শতাংশ প্রতিষ্ঠান দক্ষ কর্মীর অভাবজনিত কারণে সাইবার আক্রমণের শিকার হয়েছে। তাই ধারাবাহিক প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মী উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক