পর্তুগালের লিসবন বিমানবন্দরে ফের চালু হচ্ছে বায়োমেট্রিক সীমান্ত নিয়ন্ত্রণ
তিন মাসের স্থগিতাদেশ শেষে, লিসবনের হাম্বার্তো ডেলগাডো আন্তর্জাতিক বিমানবন্দরে বায়োমেট্রিক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ও পাবলিক সিকিউরিটি পুলিশের তথ্য অনুযায়ী, মার্চের শেষের দিকেই এই ইলেকট্রনিক সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।
বায়োমেট্রিক মেশিনগুলো মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ এবং শেনজেন অঞ্চলের বাইরে থেকে আসা যাত্রীদের প্রবেশ প্রক্রিয়া দ্রুত করতে চালু করা হয়েছিল। তবে গত বছরের অক্টোবরে চালুর পরেই দেখা দেয় বিভ্রাট যন্ত্রের ধীরগতির কারণে সারি স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেড়ে যায়, যাত্রীদের ভোগান্তিও চরমে পৌঁছে। ফলস্বরূপ, সরকার মাত্র দুই মাসের মধ্যেই ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বর্তমানে, সীমান্তে আগমন ও প্রস্থান প্রক্রিয়া আগের মতোই ম্যানুয়ালি সম্পন্ন হচ্ছে কর্মকর্তা দ্বারা পাসপোর্ট স্ট্যাম্পিং এবং ন্যাশনাল রিপাবলিকান গার্ড এর অতিরিক্ত উপস্থিতির মাধ্যমে। তবে, পিএসপি জানিয়েছে যে বায়োমেট্রিক প্রযুক্তির আপডেটেড সংস্করণে এবার বেশ কিছু প্রযুক্তিগত উন্নয়ন আনা হচ্ছে, যার ফলে নিয়ন্ত্রণ ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
পিএসপি -এর এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম কে জানান, “সিস্টেমের সফটওয়্যার আপডেট এবং নতুন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী যুক্ত হওয়ার পর এটির কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে। লক্ষ্য হলো ইস্টার ছুটির ঠিক আগে থেকেই সীমান্ত নিয়ন্ত্রণে গতি আনা।”
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে যাত্রী প্রবাহ প্রায় দ্বিগুণ হওয়ার পূর্বাভাস রয়েছে। তাই কর্তৃপক্ষ দ্রুত সিস্টেমটি নিরাপদভাবে পুনরায় সচল করতে চায়, যাতে ইস্টার মৌসুমে ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলানো সম্ভব হয়।













